পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় অন্তত ১২ জন নিহত এবং প্রায় ৩৫ জন আহত হয়েছেন। হামলার পর ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধারে কাজ করার সময় একটি অ্যাম্বুলেন্সে গুলি চালিয়েছে বন্দুকধারীরা।
নিহত ও আহতদের বেশিরভাগই নিরাপত্তাকর্মী ও পথচারী বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। নিহতদের মধ্যে দুই নারী ও এক শিশুও রয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলার একটি সড়কের পাশে পুলিশের চেকপোস্টে বিস্ফোরকবোঝাই একটি গাড়ি নিয়ে এ হামলা চালানো হয়। নিক্কেই এশিয়ার প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রাদেশিক জরুরি সেবা বিভাগের মুখপাত্র বিলাল ফাইজী জানান, খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় বিস্ফোরকবোঝাই একটি গাড়ি নিয়ে ওই হামলা চালানো হয়।
ফাইজী জানান, হামলায় আহতদের কাছের একটি হাসপাতালে নেওয়ার সময় জরুরি সেবাকর্মীদের একটি অ্যাম্বুলেন্স লক্ষ্য করে বন্দুকধারীরা গুলি চালায়। এতে একজন উদ্ধারকর্মী নিহত এবং আরও দুজন আহত হন। আত্মঘাতী বোমা হামলায় নিহতদের মধ্যে দুই নারী ও একটি শিশুও রয়েছে।
স্থানীয় পুলিশপ্রধান সফদার বালোচ জানিয়েছেন, নিহত ও আহতদের বেশিরভাগই নিরাপত্তাকর্মী ও পথচারী। বিস্ফোরণে বিশাল ওই পুলিশ চেকপোস্টটি ধ্বংস হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের পর সেখানে গুলির শব্দও শোনা যায়।
এদিকে হামলার ঘটনায় দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান বা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)।
পাকিস্তানে সাম্প্রতিক বছরগুলোতে জঙ্গি হামলা বেড়েছে।
এসব হামলার বড় অংশের দায় টিটিপি এবং বেলুচিস্তানভিত্তিক বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) স্বীকার করেছে।
পাকিস্তানি তালেবান আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান থেকে পৃথক সংগঠন হলেও তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। পাকিস্তানি কর্মকর্তারা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন, আফগান ভূখণ্ডে টিটিপি সদস্যদের তৎপরতা বন্ধে কাবুল যথেষ্ট ব্যবস্থা নিচ্ছে না। তবে আফগান কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করে আসছে।
হামলার ঘটনায় পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ নিন্দা জানিয়েছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। জারদারি বেসামরিক নাগরিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে হামলাকে নিন্দনীয় উল্লেখ করে টিটিপির বিরুদ্ধে আরো কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
এর আগে মাত্র দুই দিন আগে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে সংঘর্ষে অন্তত ১৩ জন আফগান তালেবান যোদ্ধা নিহত হওয়ার দাবি করে পাকিস্তান সরকার। আফগানিস্তানে সন্দেহভাজন জঙ্গি আস্তানায় পাকিস্তানের সাম্প্রতিক হামলার পর ওই সংঘর্ষের ঘটনা ঘটে।