বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম জবই বিল প্রকল্পে নিষেধাজ্ঞা শেষে মান্দার তিন বিলে ফের মৎস্য আহরণ শুরু দুর্গাপুরে চারদিন ব্যাপি প্রতিযোগিতার উদ্বোধন কেন্দুয়ায় জমি বিরোধের জেরে ষাটোর্ধ্ব ব্যক্তির মৃত্যু, ঘিরে রহস্য কান্দিউড়া ইউনিয়ন পরিষদের নতুন প্রশাসক মো. নজরুল ইসলাম সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু : ছিনতাইকৃত মালামালসহ গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক চলছে বাস দুর্ঘটনার সংবাদ সংগ্রহে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩ জাহাঙ্গীরনগরে মাস্টার্সে সিজিপিএ- ৪.০০ পেলেন শাহরাস্তির সন্তান রাতুল শাকিল ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি টানানো নিয়ে বিতর্ক, প্রতিবাদ

জবই বিল প্রকল্পে নিষেধাজ্ঞা শেষে মান্দার তিন বিলে ফের মৎস্য আহরণ শুরু

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

নওগাঁর মান্দায় চার মাসের পোনা অবমুক্তকরণ ও প্রজননকালীন নিষেধাজ্ঞা শেষে ‘জবই বিল ও পার্শ্ববর্তী এলাকার বিলসমূহের মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্প’-এর আওতায় তিনটি বিলে পুনরায় মৎস্য আহরণ কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলার বিল মান্দা, বিল উত্তরাইল ও বিল চককসবা বিলে আনুষ্ঠানিকভাবে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। মৎস্য অধিদপ্তরের অধীনে ২০২৬-২৭ অর্থবছরের এ প্রকল্প বাস্তবায়ন করছে মান্দা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ আতিয়া খাতুন। প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা মৎস্য কর্মকর্তা মোঃ ফেরদৌস আলী। বিশেষ অতিথি ছিলেন প্রকল্প পরিচালক মোঃ শামশুল করিম।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মকলেছুর রহমান মকে, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবস্থাপনা কমিটির সদস্য, মৎস্যজীবী ও গণমাধ্যমকর্মীরা।
ইউএনও মোছাঃ আতিয়া খাতুন বলেন, তিনটি বিলের আশপাশে বসবাসকারী শত শত মৎস্যজীবী পরিবারের জীবিকার বিষয়টি বিবেচনায় নিয়ে চার মাস আগে প্রায় ২ হাজার ১০০ কেজি দেশি ও কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়। নির্ধারিত নিষেধাজ্ঞার সময় শেষ হওয়ায় এখন ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে নিয়ম মেনে মৎস্য আহরণের অনুমতি দেওয়া হয়েছে।
প্রকল্প পরিচালক মোঃ শামশুল করিম বলেন, বিলের মৎস্যসম্পদ সংরক্ষণ ও বৃদ্ধি এবং স্থানীয় মৎস্যজীবীদের জীবিকা নিশ্চিত করাই প্রকল্পের মূল লক্ষ্য। নিয়ম মেনে মাছ আহরণ এবং প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা যথাযথভাবে পালন করা হলে ভবিষ্যতে এসব বিলে মাছের উৎপাদন আরও বাড়বে।
জেলা মৎস্য কর্মকর্তা মোঃ ফেরদৌস আলী বলেন, পোনা অবমুক্তকরণ, প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধ রাখা এবং সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে বিলের মৎস্যসম্পদ বৃদ্ধি করা সম্ভব। এ কার্যক্রম সফল করতে মৎস্যজীবীদের সহযোগিতা ও নিয়ম মেনে মাছ আহরণ জরুরি।

ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত টাকা জমা দিয়ে টোকেন সংগ্রহের মাধ্যমে মৎস্যজীবীরা মাছ আহরণ করতে পারবেন। আহরণ থেকে প্রাপ্ত অর্থ সংশ্লিষ্ট সমিতির তহবিলে জমা থাকবে।
বক্তারা বলেন, প্রকল্পের কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়িত হলে একদিকে মৎস্যসম্পদের উৎপাদন ও প্রজনন বাড়বে, অন্যদিকে স্থানীয় মৎস্যজীবীদের আয় ও জীবিকার সুযোগও বৃদ্ধি পাবে। চার মাসের নিষেধাজ্ঞা শেষে মাছ আহরণের সুযোগ ফিরে পাওয়ায় স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102