কুমিল্লা নগরে অনুমোদিত নকশা ও ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে সাতটি ভবনের নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ (কুউক)। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিশেষ অভিযান চালিয়ে এসব ভবনের নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নগরের ডাক্তারপাড়া ও কান্দিরপাড় এলাকায় অভিযান চালায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ। অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির চেয়ারম্যান উৎবাদুল বারী আবু। এ সময় সহকারী অথোরাইজড অফিসার মো. শেরিফুল হকসহ উন্নয়ন কর্তৃপক্ষের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানকালে কর্মকর্তারা ভবনগুলোর অনুমোদিত নকশা, সংশ্লিষ্ট কাগজপত্র ও নির্মাণসংক্রান্ত সরকারি বিধিমালা পর্যালোচনা করেন।
এ সময় নির্ধারিত সেটব্যাক (ভবনের চারপাশে নির্দিষ্ট পরিমাণ জায়গা রাখা) না মানা এবং অনুমোদিত নকশার শর্ত লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় সাতটি ভবনের নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
যেসব ভবনের নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে, সেগুলো হলো— ডাক্তারপাড়া এলাকার সিলভার টাওয়ার, একতা টাওয়ার ও মাসুম টাওয়ার; ট্রমা হাসপাতালের বিপরীতে মজিবুর রহমান গংয়ের বাণিজ্যিক ভবন; জামান-জাহানারা প্যালেস; কান্দিরপাড় এলাকার সিলভার আলী ম্যানশন এবং কাজী টাওয়ার।
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উৎবাদুল বারী আবু বলেন, কুমিল্লায় বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রে অনুমোদিত নকশা ও ইমারত নির্মাণ বিধিমালা যথাযথভাবে অনুসরণ না করায় প্রাথমিকভাবে সাতটি ভবনের নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।
তিনি আরো বলেন, কুমিল্লায় সুপরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে নকশাবহির্ভূত ও বেআইনিভাবে ভবন নির্মাণের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বিধিমালা অমান্যকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।