বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধে বিভিন্ন কার্যক্রম ও অর্জন উদ্যাপন করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।
রোববার (৩০ আগস্ট) সকালে রাজধানীর বারিধারার ডি-মার্জেন্ড সেন্টারে ‘শিশুশ্রম, বাল্যবিবাহ ও বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধে অর্জনসমূহ উদ্যাপন-২০২৬’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ‘ঢাকা ইস্ট এরিয়া প্রোগ্রাম’ অনুষ্ঠানটির আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-৩-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) মো. জুলকার নায়ন। তিনি বলেন, ঝরে পড়া শিশুদের শিক্ষায় ফিরিয়ে আনা, শিশুশ্রম বন্ধ ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে সরকারি উদ্যোগের পাশাপাশি উন্নয়ন সংস্থাগুলোর সমন্বিত ভূমিকা গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগ প্রশংসনীয়।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর জেনি মিল্ড্রেড ডি ক্রুজ ‘৫ জিরো+’ অর্জনের গুরুত্ব তুলে ধরে শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে শিশুশ্রম থেকে মুক্ত হওয়া কয়েকজন শিশু তাদের ঘুরে দাঁড়ানোর গল্প তুলে ধরে। শিশু ও পরিবারের আত্মনির্ভরশীলতার জন্য ৩টি ভ্যান, ৭টি সেলাই মেশিন, ১০টি স্কুল ব্যাগ ও ছাতা এবং ১০ সেট শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তা, শিশু, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সচেতনতামূলক ‘পট গান’ পরিবেশিত হয়।
বক্তারা বলেন, ওয়ার্ল্ড ভিশনের এ উদ্যোগ প্রশংসনীয় ও দৃষ্টান্তমূলক। সংস্থাটি কোনো এলাকায় কার্যক্রম শেষ করে চলে গেলেও অর্জন ধরে রাখতে সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও স্থানীয় প্রশাসনকে দায়িত্ব নিতে হবে। সরকারের পাশাপাশি প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠান, অভিভাবক ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগেই শিশুশ্রম, বাল্যবিবাহ ও ঝরে পড়ামুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।