সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে গত পাঁচ দিনে ১১ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর বিভাগে হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৭ জনে।
দেশে হামে মৃত্যুর হিসাবে ঢাকার পরেই রয়েছে সিলেটের অবস্থান।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদন অনুযায়ী, বুধবার (২২ জুলাই) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুরা হলো—মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাজীপুর গ্রামের বিবেকের মেয়ে আরাধ্যা (৫ মাস) এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরিকলা গ্রামের সুমন মিয়ার মেয়ে তাইবা।
তারা দুজনই সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ থেকে বুধবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১০৭ জন। তাদের মধ্যে ১০৬ জনই শিশু। তবে এর মধ্যে চারজনের মৃত্যুর কারণ হাম রোগ হিসেবে নিশ্চিত হয়েছে।
ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেনের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা
জেলা হিসেবে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সুনামগঞ্জে। সেখানে হামের উপসর্গ নিয়ে ৪৭ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া সিলেট জেলায় ৩৬ জন, মৌলভীবাজারে ১৩ জন এবং হবিগঞ্জে ১১ জন মারা গেছে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ৭১ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৮ জন এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ২৭ জন চিকিৎসাধীন রয়েছে।
এ ছাড়া সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৮ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৪ জন, রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩ জন এবং জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন রোগী ভর্তি রয়েছে।