শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:

প্রধানমন্ত্রীর নিকট বিএনপি নেতা আফাজ উদ্দিনের খোলা চিঠি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ১৮ জুলাই, ২০২৬
খোলা চিঠি
মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
মাননীয় চেয়ারম্যান,
আজ কোনো অভিযোগ করার জন্য নয়, একজন তৃণমূল কর্মীর হৃদয়ের কথা আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য এই চিঠি লিখছি। জানি না এই চিঠি আপনার চোখে পড়বে কি না। তবুও বিশ্বাস করি, একজন কর্মীর সত্য কথা একদিন না একদিন তার নেতার কাছে পৌঁছায়।
২০২৫ সালের সেপ্টেম্বর মাসে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আপনি যখন সারাদেশে লেক পরিষ্কার-পরিচ্ছন্নতার কর্মসূচি ঘোষণা করেছিলেন, তখন সেই আহ্বানকে আমি শুধু দলীয় নির্দেশ হিসেবে নয়, একটি সামাজিক দায়িত্ব হিসেবে গ্রহণ করেছিলাম।
সেই কর্মসূচির অংশ হিসেবে উত্তরার প্রায় চার কিলোমিটার দীর্ঘ লেক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেছিলেন আমাদের প্রিয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার। এরপর শুরু হয় আমাদের পথচলা।পরদিন থেকেই আমরা টানা ৫৪ দিন উত্তরা পশ্চিম থানা ও আশপাশের থানা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে লেক পরিষ্কারের কাজ করেছি। অনেক শ্রমজীবী ভাইও আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন। এই পুরো কর্মসূচির প্রতিটি ব্যয় আমরা নিজেদের অর্থে বহন করেছি। কারও কাছে হাত পাতিনি, কোনো প্রতিষ্ঠানের সহযোগিতা নিইনি।
জাতীয় নির্বাচনের পরও আমরা থেমে থাকিনি। আবার লেকে নেমেছি। জমে থাকা ময়লা পরিষ্কার করেছি। উত্তরার বিভিন্ন সেক্টরে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছি। সম্প্রতি গুলশানেও পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়েছি। জাতীয় টেলিভিশন, জাতীয় পত্রিকা এবং বিভিন্ন গণমাধ্যম বারবার আমাদের এই কাজ দেশের মানুষের সামনে তুলে ধরেছে।
মাননীয় চেয়ারম্যান,
এই কাজ করতে গিয়ে আমি ২/১বার অসুস্থ হয়েছি। আমার সহযোদ্ধারাও অসুস্থ হয়েছেন।এই কাজ আমার কাছে রাজনীতির প্রদর্শনী নয়, এটি আমার ঈমান, দায়িত্ব ও মানুষের প্রতি ভালোবাসার প্রকাশ।
কিন্তু একটি কষ্ট বুকের ভেতর প্রতিনিয়ত রক্তক্ষরণ ঘটায়।
এত কাজের পরও ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে আমরা কোনো সহযোগিতা পাইনি।সিটি কর্পোরেশন উত্তরও এই পর্যন্ত আমাদের কোনো খোঁজ খবর নেয় নাই।কেউ একবার এসে বলেনি, “আফাজ, কেমন আছো? কোনো কষ্ট হচ্ছে?” কেউ একদিনের জন্যও আমাদের পাশে দাঁড়ায়নি।
তবুও আমরা থামিনি।
আমি কোমর সমান, কখনো বুক সমান নোংরা কালো পানিতে নেমেছি। দুর্গন্ধ, আবর্জনা আর ঝুঁকির মধ্যে দাঁড়িয়ে সহযোদ্ধাদের নিয়ে কাজ করেছি। কারণ আমি বিশ্বাস করি, নেতা হওয়ার আগে একজন মানুষ হতে হয়।
মাননীয় চেয়ারম্যান,
আপনি চাইলে সারা দেশে খোঁজ নিতে পারেন। আমাদের মতো এত দীর্ঘ সময় ধরে, এত নিয়মিত, সম্পূর্ণ ব্যক্তিগত অর্থায়নে, কোনো প্রচারের লোভ ছাড়া—এভাবে আর কোথাও এই কাজ হয়েছে কি না।
আমি কখনো পদ চাইনি।
কখনো কোনো সুযোগ-সুবিধা চাইনি।
আমি শুধু কাজ করেছি।
আর আজও করে যাচ্ছি।
৫ আগস্টের পর অনেকেই আর্থিকভাবে লাভবান হয়েছেন। অনেকেই নতুন গাড়ি কিনেছেন, বাড়ি করেছেন,বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছেন।
অথচ আমি আমার নিজের ফ্ল্যাট বিক্রি করেছি।
নিজের গাড়ি বিক্রি করেছি।
আজ এক বছরেরও বেশি সময় ধরে আমার নিজের কোনো গাড়ি নেই।
তবুও মানুষের জন্য কাজ করা থামাইনি।এবং এখনো করে যাচ্ছি।এছাড়াও আমি হাজার হাজার অসহায় মানুষ কে বস্ত্রদান করেছি,খাবার বিতরণ করেছি,বড় বড় সরকারী বেসরকারি হাসপাতালে হুইল চেয়ার দিয়েছি,পবিত্র রমজান মাসের প্রতিদিন উত্তরার উল্লেখযোগ্য ছয়টি স্থান থেকে নিয়মিত ইফতার বিতরণ করেছি, বৃক্ষরোপণ করেছি এবং বৃক্ষরোপণ নিয়ে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছি।আমি বিশ্বাস করি, সততার চেয়ে বড় সম্পদ আর কিছু নেই।মানুষের জন্য কিছু করে যেতে পারলে হয়তো এই মনুষ্য জীবন কিছুটা স্বার্থক হবে।
মাননীয় চেয়ারম্যান,
আজ আমি আপনার কাছে কোনো পদ চাই না।
কোনো আর্থিক সুবিধা চাই না।
আমাকে নিয়ে জাতীয় গণমাধ্যমে অসংখ্যবার সংবাদ প্রকাশ হয়েছে।
দেশের মানুষ দেখেছে।
প্রশংসা করেছে।
উৎসাহ দিয়েছে।
শুধু একটি প্রশ্ন আমার বুকের ভেতর বারবার জাগে—
এই সংবাদগুলো কি কখনো আপনার চোখে পড়েনি?
আমি স্বপ্ন দেখি উত্তরা বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন নগরী হবে।উত্তরার প্রতিটি লেক, প্রতিটি খাল, প্রতিটি সড়ক পরিচ্ছন্ন থাকবে।
আমি বিশ্বাস করি, একটি লেক বদলে গেলে পুরো উত্তরার চিত্র বদলে যেতে পারে। আর উত্তরা বদলালে বাংলাদেশও একদিন বদলাবে।
মাননীয় চেয়ারম্যান,
আমার এই চিঠি একজন কর্মীর নয়, একজন নাগরিকেরও।
আমার এই চিঠি শুধু নিজের জন্য নয়, সমাজের জন্য।
আমি বিশ্বাস করি, আপনি একজন ত্যাগী কর্মীর কষ্ট, শ্রম ও সততার মূল্য বুঝবেন।
চিঠি অনেক বড় হয়ে গেল।
ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
আল্লাহ আপনাকে সুস্থ রাখুন, দীর্ঘায়ু দান করুন এবং দেশ ও মানুষের কল্যাণে কাজ করার তাওফিক দান করুন।
ইতি,
মোহাম্মদ আফাজ উদ্দিন
যুগ্ম আহ্বায়ক
ঢাকা মহানগর উত্তর বিএনপি

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102