মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
গুলশান লেকের পরিবেশ ও বর্জ্য ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপের নির্দেশ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ইতি টানতে আশাবাদী ট্রাম্প ডিসেম্বরে শিক্ষার্থীদের হাতে পৌঁছাবে নতুন বই: শিক্ষামন্ত্রী মিসর ম্যাচে আর্জেন্টিনার শুরুর একাদশে বড় তিন পরিবর্তন সাভারে ককটেল বিস্ফোরণ প্রশাসনের ইন্ধনে ঘটেছে: দাবি নাহিদ ইসলামের ডিএমপির ৬ ডিসিকে বদলি সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ মিছিল বিশ্ব শান্তি রক্ষায় জাতিসংঘ মিশনে বাংলাদেশের ভূমিকা জোরদারের আহ্বান হরমুজ প্রণালিতে আবারও তেলবাহী জাহাজে হামলা নিকুঞ্জে ইয়াবাসহ ফের গ্রেপ্তার ‘মোফা বাবু নেপথ্যে থানা বিএনপির শীর্ষ নেতার আশকারা

মিসর ম্যাচে আর্জেন্টিনার শুরুর একাদশে বড় তিন পরিবর্তন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

কেপ ভার্দের বিপক্ষে ঘাম ঝরানো জয়ের পর বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছেন কোচ লিওনেল স্কালোনি। শেষ ষোলোর ম্যাচে আজ আফ্রিকার অন্যতম পরাশক্তি মিসরের মুখোমুখি হচ্ছে আলবিসেলেস্তেরা। আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ রাত ১০টায় শুরু হবে কোয়ার্টার ফাইনালে ওঠার এই মহালড়াই। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিদায়ের পর আর্জেন্টিনা শিবির এখন সতর্ক। পা হড়কালেই বিদায়, এমন সমীকরণের ম্যাচে শুরুর একাদশে বড় ধরনের তিনটি পরিবর্তনের আভাস দিয়েছে আর্জেন্টিনার ফুটবলভিত্তিক সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।

ট্যাকটিক্যাল বা কৌশলগত কারণেই স্কালোনি এই পরিবর্তনগুলো করতে যাচ্ছেন বলে জানা গেছে। এক নজরে দেখে নেওয়া যাক সম্ভাব্য সেই তিন পরিবর্তন:

১. রক্ষণে ফিরছেন তাগলিয়াফিকো: চোট কাটিয়ে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন নিয়মিত লেফট-ব্যাক নিকোলাস তাগলিয়াফিকো। মিসরের বিপক্ষে তার শুরু থেকেই খেলার সম্ভাবনা প্রবল। সে ক্ষেত্রে গত ম্যাচে খেলা ফাকুন্দো মেদিনাকে বেঞ্চে ফিরে যেতে হবে। মূলত তাগলিয়াফিকোর চোটের কারণেই মেদিনা একাদশে সুযোগ পেয়েছিলেন।

২. লাউতারোর জায়গায় আলভারেজ: আক্রমণভাগে বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। এই বিশ্বকাপে এখন পর্যন্ত নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি ইন্টার মিলান ফরোয়ার্ড লাউতারো মার্তিনেজ। কেপ ভার্দের বিপক্ষেও তিনি ছিলেন ম্লান। তাই নকআউটের গুরুত্বপূর্ণ ম্যাচে তার জায়গায় শুরুর একাদশে সুযোগ পাওয়ার অপেক্ষায় আছেন আতলেতিকো মাদ্রিদের ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ।

৩. মাঝমাঠের পুনর্গঠন ও আলমাদা বাদ: সবচেয়ে বড় ট্যাকটিক্যাল চালটি স্কালোনি চালছেন মাঝমাঠে। লিওনেল মেসির সঙ্গে আক্রমণভাগে শুরু থেকে সুযোগ পাওয়া তরুণ থিয়াগো আলমাদার পারফরম্যান্সে টিম ম্যানেজমেন্ট সন্তুষ্ট নয়। অন্যদিকে, গত ম্যাচে বদলি নেমে মাঝমাঠে দারুণ নিয়ন্ত্রণ দেখিয়েছেন লেয়ান্দ্রো পারেদেস। তাই আলমাদাকে একাদশের বাইরে পাঠিয়ে পারেদেসকে ফেরানো হচ্ছে। পারেদেস হোল্ডিং মিডফিল্ডার হিসেবে খেললে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার কিছুটা ওপরে উঠে মেসি ও আলভারেজের সাথে আক্রমণে যোগ দেবেন।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্তিনেজ (গোলরক্ষক), নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, লেয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102