ভিডিওতে দেখা যায়, ব্রাজিলের জার্সির ওপর বাংলাদেশের জাতীয় পতাকা কাঁধে জড়িয়ে হেঁটে যাচ্ছেন এই অভিনেত্রী। চোখে সানগ্লাস, কণ্ঠে স্পষ্ট হতাশা। ভিডিওতে তিনি বলেন, ‘এই মুহূর্তে মন ভালো নেই। খুবই দুঃখ লাগছে। তবে ইনশাআল্লাহ, আগামী বিশ্বকাপে আমরা আবার আসব।’
ভিডিওটির ক্যাপশনে একটি ভাঙা হৃদয়ের ইমোজি দিয়ে তিনি লেখেন, ‘ইনশাআল্লাহ, নেক্সট টাইম।’ অল্প কথার এই বার্তাতেই ধরা পড়ে প্রিয় দলের বিদায়ে তার আবেগ।
তবে সাফা কবিরের ভাবনায় শুধু ব্রাজিলই নয়, রয়েছে বাংলাদেশের ফুটবলের স্বপ্নও। ম্যাচ চলাকালে গ্যালারি থেকে শেয়ার করা আরেকটি ছবিতে ব্রাজিলের ১০ নম্বর জার্সি পরে দেখা যায় তাকে। সেই পোস্টে তিনি লেখেন, ‘আজ আমি ফিফা বিশ্বকাপ ২০২৬-এ ব্রাজিলকে সমর্থন করতে এসেছি। কিন্তু আমার হৃদয়ের গভীরে আরেকটি স্বপ্ন আছে-একদিন বাংলাদেশও এই মঞ্চে খেলবে। আর আমি এখানেই দাঁড়িয়ে গর্বের সঙ্গে আমার নিজের দেশকে সমর্থন করব।’
সাফা কবিরের এই দুটি পোস্টই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। ব্রাজিলের বিদায়ে তার হতাশার পাশাপাশি বাংলাদেশের ফুটবলকে বিশ্বকাপের মঞ্চে দেখার স্বপ্নও প্রশংসা কুড়িয়েছে নেটিজেনদের। অনেকেই তার এই আশাবাদী বার্তাকে অনুপ্রেরণাদায়ক বলে মন্তব্য করেছেন।
উল্লেখ্য, নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই হাইভোল্টেজ ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ব্রাজিল। ম্যাচটি গ্যালারিতে বসে উপভোগ করেন বাংলাদেশের শোবিজ অঙ্গনের আরও কয়েকজন তারকা, তাদের মধ্যে ছিলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরীও।