মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশির মরদেহ দেশে

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

কাতারের শাহানিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাটের ৫ প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে। মঙ্গলবার মরদেহ বহনকারী বাংলাদেশ বিমানের বিজি-২২৬ ফ্লাইটটি সকাল ৬টা ৫০ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আনুষ্ঠানিকতা শেষে স্বজনদের কাছে কফিনবন্দি লাশ হস্তান্তর করা হয়। নিহতদের কারো পিতা ও কারো ভাই লাশ গ্রহণ করেন।

স্বজনরা মরদেহ গ্রহণ করে অ্যাম্বুলেন্সে করে কানাইঘাটে নিজ নিজ গ্রামে নিয়ে যান। দুপুরে তাঁদের দাফন করার কথা রয়েছে।

কাতারের দোহায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের শ্রম উইংয়ের কাউন্সিলর মাশহুদুল কবির জানিয়েছেন, মরদেহগুলো বাংলাদেশ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে আনা হয়েছে। স্থানীয় সময় সোমবার রাত সোয়া ১০টার দিকে কাতারের হামাদ বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি ছেড়ে মঙ্গলবার সকালে সিলেটে পৌঁছায়।

গত ২১ জুন সকাল ১০টার দিকে কাতারের শাহানিয়া এলাকায় কাজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় এক ভারতীয় নাগরিক ও বাংলাদেশি পাঁচ নাগরিক মারা যান। নিহত বাংলাদেশিরা সিলেটের কানাইঘাটের বাসিন্দা। এরা হলেন কানাইঘাটের দক্ষিণ বানীগ্রাম ইউনিয়নের গাছবাড়ির বাহার উদ্দিনের ছেলে আব্দুল কাদির, মাঝতালুক গ্রামের সেলিম আহমদের ছেলে মুস্তাক আহমদ আফনান, একই গ্রামের মরা মিয়ার ছেলে জুবায়ের আহমদ, ঝিঙ্গাবাড়ি ইউনিয়নের আগতালুক গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে জসিম উদ্দিন ও আমরপুর গ্রামের আব্দুন নুরের ছেলে জিবাল আহমদ।

দুর্ঘটনার এক সপ্তাহের মধ্যে মরদেহ দেশে প্রেরণ করায় সরকারের সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নিহতের স্বজনরা।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102