শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
চীন-মায়ানমার করিডরে বাংলাদেশ যুক্ত হলে বিনিয়োগ বাড়বে : বাণিজ্যমন্ত্রী বিজিএমইএ এবং এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন যৌথ উদ্যোগে ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। ইরানের অধিনায়ক বললেন, আয়োজকরা চায় আমরা বাদ পড়ি ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ঘোষণা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানের ঘটনায় দুই মামলা, দুলাভাই বাহিনীর প্রধানসহ গ্রেপ্তার ২ সময় চাহিয়া লজ্জা দিবেন না : স্পিকার হাফিজ উদ্দিন ছাগল মারাকে কেন্দ্র করে, মিথ্যা মামলার বিরুদ্ধে সংবাদ সম্মেলন ফেসবুক স্ট্যাটাসে ক্ষমা চাইলেন, সন্ধ্যায় মিলল গাছে ঝুলন্ত মরদেহ মেডিকেল শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, তিন দিন পর উদ্ধার মরদেহ ইতিহাসে এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্টকে এভাবে সম্মানিত করা হলো: ট্রাম্প

বিজিএমইএ এবং এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন যৌথ উদ্যোগে ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে।

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ২৭ জুন, ২০২৬

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বাণিজ্যমন্ত্রী জনাব খন্দকার আব্দুল মুক্তাদির। বিজিএমইএ সভাপতি জনাব মাহমুদ হাসান খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইউডব্লিউ এর উপাচার্য এবং বিজিএমইএ এর সাবেক সভাপতি ড. রুবানা হক।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ইয়াংওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান মি. কিহাক সাং, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এর প্রতিষ্ঠাতা জনাব কামাল আহমেদ, বিজিএমইএ এর সাবেক সভাপতি জনাব কুতুবউদ্দিন আহমেদ এবং এইচএসবিসি বাংলাদেশের প্রতিনিধিবৃন্দ।

বিজিএমইএ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের ১ম সহ-সভাপতি সেলিম রহমান,সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান, সহ-সভাপতি মোঃ রেজোয়ান সেলিম, সহ-সভাপতি (অর্থ)মিজানুর রহমান, সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী, পরিচালকবৃন্দ এবং বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানগন।

এ ছাড়াও দেশের তৈরি পোশাক খাতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, বিজিএমইএ এর সদস্যবৃন্দ, বিশিষ্ট পোশাক উদ্যোক্তা, আন্তর্জাতিক ব্র্যান্ডের প্রতিনিধি এবং এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এর শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এই আয়োজনে অংশ নেন।

প্রসঙ্গত উল্লেখ্য যে, বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের জন্য অত্যন্ত দক্ষ নারী পেশাদারদের একটি ধারা তৈরি করার লক্ষ্যেই এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে ‘এইচএসবিসি-এইউডব্লিউ স্কুল অব অ্যাপারেল’ প্রতিষ্ঠা করা হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ, গ্র্যাজুয়েট রিক্রুটমেন্ট এবং দেশের তৈরি পোশাক খাতের ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে ফলপ্রসূ আলোচনা করা হয়।

আলোচনায় শিল্প-একাডেমিয়া মেলবন্ধন, বিশেষ করে তৈরি পোশাক খাতের টেকসই প্রবৃদ্ধি ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতে বিশ্ববিদ্যালয় এবং পোশাক শিল্পের একসাথে কাজ করার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয় ।

মাননীয় বাণিজ্যমন্ত্রী জনাব খন্দকার আব্দুল মুক্তাদির পোশাক শিল্পে দক্ষ মানবসম্পদ তৈরি, নারীর নেতৃত্ব বিকাশে বিজিএমইএ) এবং এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এর যৌথ উদ্যোগকে স্বাগত জানান।

তিনি বলেন, বর্তমান সরকার দেশে বিনিয়োগ বৃদ্ধি, শিল্পায়ন সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি সক্ষমতা শক্তিশালী করতে ব্যবসা শুরু, লাইসেন্স প্রদান, বন্দর ব্যবস্থাপনা ও জ্বালানি খাতে দ্রুতগতির সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে। দেশের মোট রপ্তানি আয়ের প্রায় ৮৫ শতাংশ তৈরি পোশাক খাত থেকে আসে এবং স্বল্পমেয়াদে অন্য কোনো খাত এর সমপর্যায়ে পৌঁছাতে পারবে না। বাংলাদেশকে একটি আকর্ষণীয় বৈশ্বিক বিনিয়োগ গন্তব্যে পরিণত করার লক্ষ্যে সরকার ব্যবসা শুরু ও লাইসেন্স প্রাপ্তির সময় উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনাসহ কোম্পানি নিবন্ধনের মাত্র ১৪ দিনের মধ্যে প্রাথমিক অনুমোদনের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি, সিঙ্গাপুর ও মালয়েশিয়ার সফল মডেল অনুসরণে ওয়ান-স্টপ সার্ভিসের মাধ্যমে সকল সেবা অনলাইনে প্রদান, সমন্বিত পরিদর্শন ব্যবস্থা চালু এবং বন্দর ব্যবস্থাপনার আধুনিকায়ন করা হচ্ছে। একই সাথে শিল্পে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে আরও একটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনা রয়েছে।

এইউডব্লিউ এর উপাচার্য ড. রুবানা হক পোশাক শিল্পে নারীদের অংশগ্রহণ এবং নেতৃত্ব বিকাশের ওপর তার গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন। তিনি পোশাক খাতের নারী কর্মীদের উচ্চশিক্ষার জন্য এইউডব্লিউ এর ‘মাস্টার অব সায়েন্স ইন অ্যাপারেল অ্যান্ড রিটেল ম্যানেজমেন্ট’ প্রোগ্রামে স্পনসর করার জন্য বিজিএমইএ এর সদস্য কারখানাগুলোর প্রতি আহবান জানান। তিনি বলেন, এই অংশীদারিত্ব পোশাক খাতের আগামী প্রজন্মের নেতৃত্ব তৈরিতে এই শিল্পের প্রতিশ্রুতি প্রদর্শন করবে।
এই যৌথ উদ্যোগের মাধ্যমে পোশাক খাতের জন্য সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, সাস্টেইনেবিলিটি এবং ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে দক্ষ পেশাদার নারী কর্মকর্তাদের একটি শক্তিশালী পাইপলাইন তৈরি হবে বলে আশা প্রকাশ করা হয় ।

সভাপতির বক্তব্যে বিজিএমইএ সভাপতি জনাব মাহমুদ হাসান খান বলেন, এই উদ্যোগটি বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বৈশ্বিক সক্ষমতা বৃদ্ধি এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নে বিজিএমইএ এর দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতিরই একটি অংশ। আমরা এইউডব্লিউ এর এই দূরদর্শী প্রস্তাব এবং স্পনসরশিপ মডেলটিকে ইতিবাচকভাবে মূল্যায়ন করছি। পোশাক শিল্পে আগামী প্রজন্মের নেতৃত্ব গড়ে তুলতে বিজিএমইএ তার সদস্য কারখানাগুলোকে এই সুনির্দিষ্ট স্পনসরশিপ উদ্যোগে অংশ নিতে উৎসাহিত করবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইয়াংওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান মি. কিহাক সাং, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এর প্রতিষ্ঠাতা জনাব কামাল আহমেদ, বিজিএমইএ এর সাবেক সভাপতি জনাব কুতুবউদ্দিন আহমেদ এবং এইচএসবিসি ব্যাংকের হেড অব সাসটেইনেবিলিটি সৈয়দা আফজালুন নেসা।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102