ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিআরটি প্রকল্পের অপরিকল্পিত বাস্তবায়নের ফলে সৃষ্ট দীর্ঘস্থায়ী যানজট, নিরাপত্তা ঝুঁকি এবং অসমাপ্ত অবকাঠামোগত কাজ দ্রুত সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক পত্রে জানা যায়, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন মহাসড়কটিতে বিআরটি প্রকল্পের কারণে সৃষ্ট জনদুর্ভোগের বিষয়টি তুলে ধরে জরুরি হস্তক্ষেপ কামনা করেন। তার আবেদনের প্রেক্ষিতে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হয় এবং প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়।
পত্রে উল্লেখ করা হয়, প্রকল্পটির দীর্ঘসূত্রতা ও অপরিকল্পিত বাস্তবায়নের কারণে প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ দুর্ভোগের শিকার হচ্ছেন। একই সঙ্গে নিরাপত্তা ঝুঁকি ও যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ায় জনমনে অসন্তোষ বাড়ছে।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিআরটি প্রকল্প বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুরের জয়দেবপুর পর্যন্ত বিস্তৃত প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়ন প্রক্রিয়া, যাত্রীসেবা এবং কার্যকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে বিশেষজ্ঞদের মতামতও গ্রহণ করা হয়
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘব হবে এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করা সম্ভব হবে।