বিশ্বকাপ শুরুর প্রায় এক সপ্তাহ পর অবশেষে মাঠে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখার মিশন শুরুর ঠিক আগমুহূর্তে আলবিসেলেস্তে শিবিরে এখন চেনা সতর্কবার্তা। আগামীকাল বুধবার ভোর ৭টায় যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল। এই ম্যাচের আগে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের মনে বারবার তাড়া করে ফিরছে চার বছর আগে কাতার বিশ্বকাপের সেই সৌদি আরব ট্র্যাজেডি। তাই প্রতিপক্ষ আলজেরিয়াকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগই দেখছেন না আর্জেন্টাইন বস।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কোচ লিওনেল স্কালোনি স্পষ্ট ভাষায় বলেন, ‘আলজেরিয়া অত্যন্ত গোছানো ও দুর্দান্ত এক দল। বিশেষ করে তাদের আক্রমণভাগে বেশ কয়েকজন দ্রুতগতির ফুটবলার রয়েছে, যারা যেকোনো মুহূর্তে ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে। তাদের বিপক্ষে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে এবং প্রতিপক্ষ হিসেবে তাদের সমীহ করা উচিত। তারা মাঠে আমাদের কাজটা বেশ কঠিন করে তুলতে পারে।’
আলজেরিয়ার খেলার ধরনের সঙ্গে আফ্রিকার আরেক পরাশক্তি মরক্কোর মিল খুঁজে পাচ্ছেন স্কালোনি। চলমান আসরে নিজেদের প্রথম ম্যাচেই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ১-১ গোলে রুখে দিয়ে চমক দেখিয়েছে মরক্কো। আলজেরিয়াও সেই একই ধারার ফুটবল খেলে আর্জেন্টিনাকে ভড়কে দিতে পারে বলে ধারণা ফুটবল পণ্ডিতদের। প্রতিপক্ষের পাশাপাশি আলজেরিয়ার অভিজ্ঞ কোচ ভ্লাদিমির পেতকোভিচ এবং তার শিষ্যদের রণকৌশলেরও প্রশংসা করেন স্কালোনি।
অবশ্য প্রথম ম্যাচের চাপ সামলাতে দলে মানসিকভাবে শান্ত থাকার ওপর জোর দিয়েছেন আর্জেন্টাইন মাস্টারমাইন্ড। কাতারে সৌদি আরবের বিপক্ষে লিওনেল মেসির পেনাল্টি গোলে এগিয়ে গিয়েও দ্বিতীয়ার্ধে ৫ মিনিটের ব্যবধানে ২ গোল হজম করে ২-১ ব্যবধানে হেরেছিল আর্জেন্টিনা।
সেই ক্ষতে প্রলেপ দিয়ে স্কালোনি বলেন, ‘গত বিশ্বকাপ আমাদের বড় একটা শিক্ষা দিয়ে গেছে। আমরা এখন জানি যে প্রথম ম্যাচটি অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে এটাই টুর্নামেন্টের শেষ কথা নয়। আমরা মানসিকভাবে স্বস্তিতে আছি এবং জানি যে প্রথম ম্যাচেই সব শেষ হয়ে যাবে না।’
বিশ্বকাপ শুরুর আগে একের পর এক চোটের খবরে কিছুটা ব্যাকফুটে ছিল আর্জেন্টিনা শিবির। তবে প্রথম ম্যাচের আগে সুসংবাদ দিয়েছেন স্কালোনি। অ্যাঙ্কলের চোট কাটিয়ে পুরোদমে ফিট হয়ে উঠেছেন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। একই সঙ্গে আঙুলের চোট কাটিয়ে গোলপোস্টের নিচে দাঁড়াতে প্রস্তুত বাজপাখি খ্যাত গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজও। তবে মাংসপেশির চোটে ভুগতে থাকা লেফট-ব্যাক নিকোলাস তাগলিয়াফিকোকে প্রথম ম্যাচে পাওয়া নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি।
কোচের সুরে সুর মিলিয়ে আর্জেন্টিনার ৩৮ বছর বয়সী অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি বলেন, ‘আমরা বর্তমান চ্যাম্পিয়ন, তাই স্বাভাবিকভাবেই প্রতিটি দল আমাদের হারাতে বাড়তি অনুপ্রেরণা পাবে। কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচটি আমাদের সামনে সবচেয়ে বড় উদাহরণ। বিশ্বমঞ্চে যেকোনো দলই বিপজ্জনক হয়ে উঠতে পারে। আলজেরিয়ার বেশ কয়েকজন ভালো খেলোয়াড় আছে। আমাদের নিজেদের চেনা ছন্দ ধরে রেখে রক্ষণভাগকে এক সুতোয় বেঁধে রাখতে হবে।’