শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

ডাগ আউটের মাস্টার আনচেলত্তি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ১৩ জুন, ২০২৬

দীর্ঘদিন ধরে কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়ার হতাশায় ব্রাজিল দল নাকি ছন্নছাড়া হয়ে পড়েছিল। সেই পরিস্থিতি থেকে ব্রাজিলকে পুনরুজ্জীবিত করায় কোচ কার্লো আনচেলত্তির ভূয়সী প্রশংসা করেছেন দলটির গোলরক্ষক অ্যালিসন বেকার। মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করার দুই দিন আগে ব্রাজিলের গোলরক্ষক তাদের কোচকে একজন সত্যিকারের বিজয়ী তকমা দিয়েছেন। এবারের আসরে ব্রাজিল ফেভারিটদের কাতারে না থাকাটা শাপেবর হয়েছে বলেও মনে করছেন লিভারপুলের এ গোলরক্ষক।

২৪ বছর ধরে শিরোপা জেতে না ব্রাজিল। তার ওপর এবার দক্ষিণ আমেরিকার বাছাইপর্বে কঠিন সময় মোকাবিলা করে আসতে হয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। বাছাইপর্বে আর্জেন্টিনা, ইকুয়েডর, কলম্বিয়া ও উরুগুয়ের পেছনে থেকে পঞ্চম হয়ে বিশ্বকাপের টিকিট পায় ব্রাজিল। বাছাইপর্বের শেষ দুই ম্যাচের আগে আনচেলত্তি ব্রাজিলের দায়িত্ব নেন। এই দুই ম্যাচে একটি জয় ও একটি ড্র করে সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করেন ইতালিয়ান এ কোচ। অ্যালিসন জানান, আনচেলত্তি দায়িত্ব নেওয়ার পরই হতাশা কেটে গেছে। নিউ জার্সিতে ব্রাজিল দলের হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তারকা এ গোলরক্ষক বলেন, ‘বাছাইপর্বটি খুব কঠিন ছিল, সেটি আমরা গভীরভাবে অনুভব করছিলাম। আনচেলত্তি আসার পর থেকেই সবকিছু ভালো হতে শুরু করল। দলে তাঁর দারুণ প্রভাব রয়েছে এবং তিনি শান্তভাবে কাজ করার পরিবেশ তৈরি করে দেন। বিতর্কমুক্ত পরিবেশ এবং অন্যদিকে মনোযোগ দিতে হয় না। ব্রাজিল দলকে পুনরুজ্জীবিত করেছেন তিনি।’

আনচেলত্তির প্রশংসায় অ্যালিসন আরও যোগ করেন, ‘তিনি একজন সত্যিকারের বিজয়ী, তাঁকে দেখলে এটা বোঝা যায়। আমার মনে হয়, তাঁর অভিব্যক্তি দেখে এটা সবাই বুঝতে পারে। ক্লাব ফুটবলে প্রায় সবকিছু তিনি জিতেছেন। এখন তিনি আনন্দ ও উৎসাহে পরিপূর্ণ হয়ে ব্রাজিল জাতীয় দলের সঙ্গে আছেন। আশা করছি অপেক্ষার প্রহর ঘুচবে।’ অনেক দিন ধরে ব্রাজিলের রক্ষণভাগ বেশ ভোগাচ্ছে। বাছাইপর্বে ১৭টি গোল হজম করেছেন তারা। অ্যালিসন জানিয়েছেন, ৬৭ বছর বয়সী কোচ রক্ষণের উন্নতির দিকে প্রচণ্ড মনোযোগী। আনচেলত্তি থাকলে এত গোল হজম করতে হতো না বলেও অভিমত তাঁর, ‘আমরা যে গোলগুলো হজম করেছি, তার কিছু এড়ানো যেত। আমরা এটা নিয়ে কাজ করছি। আমরা জানি, দলের আক্রমণভাগের মানের কারণে গোল করার সুযোগ সবসময় তৈরি হবেই।’

২০১৮ ও ২০২২ সালের পর তৃতীয় বিশ্বকাপ খেলতে যাচ্ছেন অ্যালিসন। তাঁর আগে ব্রাজিলের মাত্র দুইজন গোলরক্ষক তিনটি করে বিশ্বকাপ খেলেছেন। সেই দুইজন হলেন কিংবদন্তি গোলরক্ষক তাফারেল ও গিলমোর। তারা একটি করে বিশ্বকাপও জিতেছেন। অ্যালিসন জানিয়েছেন, তিনিও বিশ্বকাপ জেতা অভিজাত গোলরক্ষকদের কাতারে নাম লেখাতে চান।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102