শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:

আসামে ভারতীয় বিমানবাহিনীর উড়োজাহাজ বিধ্বস্ত, ৫ সেনা নিহত

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ১৩ জুন, ২০২৬

ভারতের আসামের জোরহাট বিমানঘাঁটিতে ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) একটি ‘এএন-৩২’ পরিবহন উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে পাঁচ সেনাসদস্য নিহত হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে জোরহাট বিমানঘাঁটিতে একটি নিয়মিত উড্ডয়ন (রুটিন সর্টি) শেষে অবতরণের সময় বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে এবং এতে আগুন ধরে যায়। বিমানবাহিনীর পক্ষ থেকে এই দুর্ঘটনায় পাঁচ আরোহীর সবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নিহত সেনাসদস্যদের পরিচয় প্রকাশ করেছে ভারতীয় বিমানবাহিনী। তারা হলেন- স্কোয়াড্রন লিডার প্রশান্ত সিং, ফ্লাইট লেফটেন্যান্ট শুভম কুমার, সার্জেন্ট জিতেন্দ্র শর্মা, অগ্নিবীরবায়ু খেমারাম কুমাওয়াত এবং অগ্নিবীরবায়ু দানিশ আলম।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ভারতীয় বিমানবাহিনী জানায়, আজ আনুমানিক সকাল ১০টায় আসামের জোরহাটে ভারতীয় বিমানবাহিনীর একটি এএন-৩২ বিমান দুর্ঘটনার শিকার হয়েছে। বর্তমানে দুর্ঘটনাস্থলে প্রাথমিক তদন্তের কাজ চলছে। বিমানবাহিনী এই প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করছে এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে।

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই দুর্ঘটনার খবরে দুঃখ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘আমরা জোরহাটে বিমানবাহিনীর একটি পরিবহন বিমান দুর্ঘটনার বিষয়ে অবগত হয়েছি। আমরা এ বিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করছি।’

অ্যান্টনভ এএন-৩২ দুই ইঞ্জিনবিশিষ্ট একটি সামরিক পরিবহন বিমান, যা দীর্ঘ সময় ধরে ভারতীয় বিমানবাহিনীর রসদ ও সৈন্য পরিবহনের মূল চালিকাশক্তি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

তৎকালীন সোভিয়েত ইউনিয়নে বিশেষভাবে ভারতের ভৌগোলিক ও কৌশলগত প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে উড়োজাহাজটি তৈরি করা হয়েছিল। বর্তমানে ভারতীয় বিমানবাহিনীর বহরে এই মডেলের প্রায় ১০০টি উড়োজাহাজ রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102