রবিবার, ০৭ জুন ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা ও ফ্যাসিবাদের পুনর্বাসন চেষ্টা বরদাশত করা হবে না : জামায়াত

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ৭ জুন, ২০২৬
দেশের স্বাস্থ্য খাতের চরম অব্যবস্থাপনা দূরীকরণ, বাজেট বৈষম্যের অবসান এবং ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রাজধানীতে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রবিবার (৭ জুন) দলটির বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষের অংশগ্রহণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আমির মোহাম্মদ সেলিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসক ও রাজনীতিবিদ ডা. এস এম খালিদুজ্জামান। এ সময় জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন সারির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।বিজ্ঞপ্তিতে বলা হয়, মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগরী দক্ষিণের আমির মোহাম্মদ সেলিম উদ্দীন স্বাস্থ্যমন্ত্রীর তীব্র সমালোচনা করেন।তিনি বলেন, ‘আপনার মূল দায়িত্ব বাদ দিয়ে স্বাস্থ্য খাতে রাজনীতি করবেন, তা হতে দেওয়া যাবে না। যোগ্য ও অভিজ্ঞ চিকিৎসকদের অবমূল্যায়ন করে দুর্নীতিবাজ ও অযোগ্যদের গুরুত্বপূর্ণ পদে বসানো হচ্ছে, যা স্পষ্টত ফ্যাসিবাদের নীতি। এই ফ্যাসিবাদী নীতি নিয়ে আপনারা স্বাস্থ্য খাত চালাতে পারবেন না।’তিনি প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে আরো বলেন, ‘শহীদদের রক্ত আর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর দেশে কোনোভাবেই ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের অপচেষ্টা বরদাশত করা হবে না।যারা অতীতে জনগণের ওপর জুলুম করেছে এবং স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে, তাদের অবিলম্বে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’বিশেষ অতিথির বক্তব্যে ডা. এস এম খালিদুজ্জামান দেশের ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা ও বাজেট বৈষম্যের চিত্র তুলে ধরে বলেন, বিশ্বের উন্নত দেশগুলোতে মোট বাজেটের প্রায় ১০ থেকে ১৫ শতাংশ স্বাস্থ্য খাতের জন্য বরাদ্দ রাখা হলেও, বাংলাদেশে এই সংবেদনশীল খাতে বরাদ্দ মাত্র ২ থেকে ৩ শতাংশ— যা জিডিপির তুলনায় ১ শতাংশেরও নিচে। একটি সমৃদ্ধ ও শক্তিশালী জাতি গঠন করতে হলে সবার আগে মানুষের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা এবং স্বাস্থ্য খাতকে দুর্নীতিমুক্ত করা জরুরি।মানববন্ধনে অংশ নেওয়া অন্যান্য চিকিৎসক ও নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, বিগত সরকারের আমলের অনিয়ম ও দুর্নীতির ধারা এখনো পুরোপুরি বন্ধ হয়নি। এর জন্য চিকিৎসকদের এককভাবে দায়ী না করে পুরো স্বাস্থ্য ব্যবস্থাপনায় সরকারের ভূমিকা জোরদার করার দাবি জানান তারা।একই সঙ্গে স্বাস্থ্য খাতকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।কর্মসূচির শেষভাগে দেশের সার্বিক কল্যাণ, সুস্বাস্থ্য এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে মানববন্ধনটি সমাপ্ত হয়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102