মদন উপজেলা (নেত্রকোনা) সংবাদদাতাঃ নেত্রকোনার মদন উপজেলায় বিশেষ অভিযানে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও বিভিন্ন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় উপজেলার ফতেপুর ইউনিয়নে এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মদন থানার পুলিশ। অভিযানে পশ্চিম ফতেহপুর গ্রামের হাজী সাদেক আলীর বাড়ির পাশে, কাঁচা রাস্তা হতে মাদক কারবারি জাহান মিয়া (২৮)কে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার কাছে পুলিশ ২শ পিস ইয়াবা পায়।
মাদক কারবারি জাহান মিয়ার বাড়ি উপজেলার নায়েকপুর ইউনিয়নের আলমশ্রী গ্রামের দক্ষিণপাড়ায়। তার পিতার নাম মৃত ইনচান মিয়া। এর আগেও ওই কারবারির নামে একটি মাদকের মামলা ছিলো এবং ওই মামলায় তার বিরুদ্ধে ২ বছরের সাজা ওয়ারেন্ট রয়েছে।
অভিযান সফল করতে ওসি তরিকুল ইসলাম নিজেই নেতৃত্ব দেন। এছাড়াও এসআই ফয়সাল (সেকেন্ড অফিসার), এসআই তারা মিয়া ও এএসআই সাকিবসহ সঙ্গীয় ফোর্স সার্বিকভাবে সহযোগিতা করেন।
মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, ২শ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অন্য একটি মাদক মামলায় ২ বছরের সাজা ওয়ারেন্ট রয়েছে। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।