রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার বিএফডিসি–সংলগ্ন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি বাস দুর্ঘটনার কবলে পড়েছে। এতে অন্তত ৫ থেকে ৬ শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
আজ বুধবার সকাল সাড়ে আটটার দিকে এক্সপ্রেসওয়ে থেকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)-সংলগ্ন সড়কে বাসটি নামার সময় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার তথ্য প্রথম আলোকে নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ। এ দুর্ঘটনায় ছয় শিক্ষার্থীর আহত হওয়ার তথ্য প্রাথমিকভাবে জানান তিনি।
এ বিষয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান প্রথম আলোকে বলেন, ঢাবির শিক্ষার্থীদের বহনকারী বিআরটিসির একটি দোতলা বাস (‘ক্ষণিকা’) এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে আসছিল। এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় বাসটির গতি তুলনামূলক বেশি ছিল। এ সময় চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটির সামনে থাকা একাধিক গাড়িতে ধাক্কা লাগে। এ ধাক্কায় একাধিক ব্যক্তিগত গাড়ি, একটি মাইক্রোবাস ও একটি সিএনজিচালিত অটোরিকশা ক্ষতিগ্রস্ত হয়।
ওসি মাহমুদুর রহমান আরও বলেন, দুর্ঘটনার সময় বাসে অনেক শিক্ষার্থী ছিলেন। দুর্ঘটনায় কয়েকজন শিক্ষার্থী আহত হন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের বরাতে ওসি মাহমুদুর রহমান বলেন, আহতদের অবস্থা গুরুতর নয়।