শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
‌‌‘বিশ্বমঞ্চে পাকিস্তানকে বিচ্ছিন্ন করতে গিয়ে ভারতকেই বিচ্ছিন্ন করে ফেলেছেন মোদি’ ‘ছাত্রলীগের সাবেক সভাপতি আমার ছেলেকে গলাটিপে ধরেছিল, তার সর্বোচ্চ শাস্তি হলো না’ মেয়ের শেষ আবদার, ‘বাবা আমাকে বুকে নাও, পানি দাও’ আওয়ামী লীগ নিষিদ্ধ ইতিহাসের প্যারাডক্স হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ২০ কোটি ডলার মূল্যের ড্রোন নিখোঁজ নিত্যপণ্যের দাম বাড়তি, অস্বস্তিতে নিম্ন ও মধ্যবিত্তরা বেবিচক ও মার্কিন দূতাবাসের যৌথ উদ্যোগে SIMFOX CBT Simulator প্রশিক্ষণ সম্পন্ন আদিবাসী, অসহায় শিক্ষার্থীর স্বপ্ন পুরণ করলেন ব্যারিস্টার কায়সার কামাল ৭ বছরের শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে স্কুলের নৈশপ্রহরী আটক যুদ্ধের পর অকটেনের প্রথম জাহাজ এল দেশে

মেয়ের শেষ আবদার, ‘বাবা আমাকে বুকে নাও, পানি দাও’

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

‘পিআইসিইউতে মেয়েটা আমার অপেক্ষাতেই ছিল। অন্যদিকে ফিরে ছিল। হাত দুটো বাঁধা ছিল। ঘাড় ঘুরিয়ে আমাকে দেখে হাত দুটো যতটুকু উঁচু করা যায়, তা করে বলল, “বাবা আমাকে বুকে নাও। আমাকে পানি দাও।” চিকিৎসক কাছে যেতে নিষেধ করলেন। মেয়েকে বুকে নিতে পারলাম না, পানি দিতে পারলাম না।’

বাবা আল আমিনের কাছে তাঁর ৪ বছর ৩ মাস বয়সী মেয়ে আকিরা হায়দার আরশির এটাই ছিল শেষ আবদার। বাবা এখনো বিশ্বাস করতে পারছেন না, তাঁর কলিজাটা আর নেই।

মেয়ের প্রিয় পুতুলের মধ্যেই  স্পর্শ খোঁজেন বাবা
মেয়ের প্রিয় পুতুলের মধ্যেই স্পর্শ খোঁজেন বাবাছবি: মানসুরা হোসাইন

১ এপ্রিল দুপুরে রাজধানীর মিরপুরে ডা. এম আর খান শিশু হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউট অব চাইল্ড হেলথে শিশুদের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (পিআইসিইউ) বাবা–মেয়ের শেষ কথা হয়। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় ২ এপ্রিল রাত আটটার পর চিকিৎসকেরা আকিরাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল কর্তৃপক্ষ আকিরার যে মৃত্যুসনদ দিয়েছে, তাতে রোগ বা মৃত্যুর কারণ হিসেবে হামের সঙ্গে শ্বাসযন্ত্রের প্রদাহ, সারা শরীরে জীবাণু সংক্রমণ এবং হৃদ্‌যন্ত্রের জন্মগত সম্ভাব্য ত্রুটির কথা উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

হাম কী, কেন ও কীভাবে ছড়ায় এবং শিশুর হাম হলে করণীয় জানাচ্ছেন শিশুরোগ বিশেষজ্ঞ

হাম মূলত ‘রুবেলা’ নামের এক অতিসংক্রামক ভাইরাস দ্বারা সংক্রমিত রোগ

আল আমিন জানান, মিরপুরের এই হাসপাতাল ছাড়াও ডেলটা হাসপাতাল ও গ্লোবাল স্পেশালাইজড হাসপাতালে নিউমোনিয়া, হামসহ নানা জটিলতায় পাঁচ দফায় ২৭ দিন ভর্তি ছিল তাঁর মেয়ে।

আকিরার ঈদের জামা হাতে খালা পুষ্পিতা হক। এই জামা আর পরা হয়নি কখনো
আকিরার ঈদের জামা হাতে খালা পুষ্পিতা হক। এই জামা আর পরা হয়নি কখনোছবি: মানসুরা হোসাইন

আল আমিন একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। স্ত্রী সানজিদা হক, মেয়ে আকিরা আর ১৫ মাস বয়সী ছেলে আদিয়ান হায়দারকে নিয়ে থাকেন মিরপুরের টোলারবাগে। কাছাকাছি দূরত্বে থাকা আল আমিনের শ্বশুরের বাসায় বসে আল আমিনের সঙ্গে কথা হয় গতকাল বৃহস্পতিবার সকালে। মেয়ে মারা যাওয়ার পর স্ত্রী ও ছেলেকে রেখে এসেছেন মাদারীপুরে নিজ বাড়িতে। শ্বশুরের বাসাও খালি। দুই পরিবারের প্রথম নাতনি হিসেবে খুব আদরের ছিল আকিরা।

কোনো এক অনুষ্ঠানে এভাবেই সেজেছিল আকিরা। বাবার আঙুল ধরে হেঁটেছিল। এখন সে কেবল ছবি
কোনো এক অনুষ্ঠানে এভাবেই সেজেছিল আকিরা। বাবার আঙুল ধরে হেঁটেছিল। এখন সে কেবল ছবিছবি: পরিবারের কাছ থেকে

আল আমিন বলেন, ‘দুই দিন আগে মাদারীপুর থেকে ঢাকায় আসলাম। ঘরের চারপাশে মেয়েটার স্মৃতি। দম বন্ধ হয়ে আসছে। আমিও বাড়ি চলে যাব।’

নানির বাসায় আকিরার জামাকাপড়, বড় পুতুল, মেকআপ বক্সসহ খেলনা ছড়িয়ে আছে। হাসপাতালে বসেই খেলনার বায়না করেছিল। খেলনা স্টেথোস্কোপ, গোলাপি রঙের মোটরবাইক, গিটার কেনা হয়েছিল। হাসপাতালের বিছানায় বসে এগুলো দিয়ে খেলেছে আকিরা। মেয়ের ছবি তুলেছেন, ভিডিও করেছেন বাবা। এগুলো দেখে কান্নাকাটি করছিলেন তিনি।

‘আমার বুকের ধনরে ফিরায়া দেও আল্লাহ’, হঠাৎ এক মায়ের আহাজারিতে স্তব্ধ হাম ওয়ার্ড

‘আমার বুকের ধনরে ফিরায়া দেও আল্লাহ’, হঠাৎ এক মায়ের আহাজারিতে স্তব্ধ হাম ওয়ার্ড

টোলারবাগে আল আমিনের শ্বশুরের ফ্ল্যাটটির ওপরের ফ্ল্যাটে আকিরার খালা পুষ্পিতা হক থাকেন। তিনি আকিরার জন্য কেনা ঈদের জামার প্যাকেটটি খুলে দেখালেন। জামার দাম লেখা ট্যাগটিও খোলা হয়নি। মিরপুরের একটি মার্কেট থেকে আকিরার বাবা জামাটি কিনেছিলেন, ভিডিও কলে আকিরা নিজেই পছন্দ করে জামাটি; কিন্তু এটি আর পরা হয়নি। ২১ মার্চ ঈদের দিনও আকিরা ছিল হাসপাতালে। ৮ মার্চ থেকেই আকিরার বেঁচে থাকার লড়াইটা শুরু হয়েছিল।

আল আমিনের দাদা, দাদি, বাবা, মাসহ পরিবারের অন্যরা সবাই বেঁচে আছেন। মাদারীপুরের পারিবারিক কবরস্থানে একা শুয়ে আছে আকিরা। বলছিলেন আল আমিন।

ফুটফুটে দুই শিশুর একজন হারিয়ে গেছে। মেয়ে আকিরা এখন শুধুই ছবি
ফুটফুটে দুই শিশুর একজন হারিয়ে গেছে। মেয়ে আকিরা এখন শুধুই ছবিছবি: পরিবারের কাছ থেকে

ছেলে ও মেয়েকে নিয়ে ভোগান্তির শুরু

৮ মার্চ থেকে ২ এপ্রিল সময়টা একবার এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে মেয়েকে নিয়ে দৌড়াতে হয়েছে আল আমিনকে। ঠান্ডা, জ্বর, কাশি নিয়েই প্রথমে ভর্তি করা হয়। তারপর নিউমোনিয়ার চিকিৎসা শুরু হয়। একদম শেষ পর্যায়ে চিকিৎসকেরা জানান, আকিরার হাম হয়েছে। এক হাসপাতালে গিয়ে দেখেন অক্সিজেন নেই, আবার অন্য হাসপাতালে পিআইসিউ নেই। দুই দফায় ভর্তি করা হয় এম আর খান শিশু হাসপাতালে।

হামে আক্রান্ত শিশুদের নিয়ে অভিভাবকদের যুদ্ধ

সন্তান কোলে উদ্বিগ্ন মা। গতকাল রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের (শিশু হাসপাতাল) বিশেষায়িত হাম ওয়ার্ডে

আল আমিন বলেন, ‘আমার মনে হয়, এম আর খান শিশু হাসপাতাল থেকেই আকিরার হাম হয়েছিল। মেয়ে এ হাসপাতালের ওয়ার্ডে ছিল দীর্ঘ সময়। তখন হামে আক্রান্ত অন্য শিশুরাও এ ওয়ার্ডে ভর্তি ছিল। প্রথম থেকে এ ভয়টাই পাচ্ছিলাম।’

বাবা বলেন, ‘হাসপাতালে মুখে অক্সিজেন মাস্ক লাগানো অবস্থায়ও মেয়েটা আমার বুকে শুয়ে থাকত। আমার হাতটা ধরে থাকত। সেই হাতটা ছেড়ে চলে গেল।’

আল আমিন জানান, ৬ মার্চ আকিরার হালকা কাশি ও জ্বর ছিল। ভেবেছিলেন, ঋতু পরিবর্তনের জন্য এটা হচ্ছে। পরে জ্বর ও কাশি বাড়ে। এর মধ্যে ছোট ছেলেরও জ্বর ও ডায়রিয়া হয়। ৮ মার্চ হাসপাতালে ছেলেকে ভর্তি করার জন্য নেওয়া হয়। তখন আকিরার বুকের এক্স-রে করা হয়। চিকিৎসক জানান, আকিরার নিউমোনিয়া হয়েছে। পরে ছেলে ও মেয়েকে ডা. এম আর খান হাসপাতালে ভর্তি করা হয়। ছেলে হাসপাতালে ভর্তি ছিল ১৯ মার্চ পর্যন্ত। ১৪ মার্চ আকিরা হাসপাতাল থেকে ছুটি পায়। তবে বাসায় ফেরার পর আবার জ্বর হয়। আবারও এই হাসপাতালে ভর্তি করা হয়। ১৭ মার্চ থেকে ঈদের ছুটি শুরু হলে চিকিৎসক স্বল্পতায় ভোগান্তি বাড়ে। ২৪ মার্চ আকিরার শ্বাস কষ্ট শুরু হয়। জ্বর বাড়ে। মুখে ঘা হয়ে কিছুই খেতে পারছিল না। শরীরে র‍্যাশ দেখা দেয়। চোখ লাল হয়ে যায়। ফুসফুসে পানি জমে। রক্তে সংক্রমণ দেখা দেয়। এ সময়ের মধ্যে তিনটি হাসপাতালে ঘুরতে হয় আকিরাকে নিয়ে।

বাবার বুকে মেয়ে। বাবার বুক এখন খালি
বাবার বুকে মেয়ে। বাবার বুক এখন খালিছবি: পরিবারের কাছ থেকে পাওয়া

আল আমিন জানান, হাসপাতালে ভর্তির পর দুই ছেলে–মেয়ের পেছনে সব মিলে খরচ হয়েছে তিন লাখ টাকার বেশি। আল আমিনের অফিসের পাশাপাশি স্বজনেরা নানাভাবে সহায়তা করেছেন। ধারদেনা করতে হয়েছে।

আক্ষেপ করে আল আমিন বলেন, ‘চেষ্টার কোনো কমতি করিনি। টাকা আরও লাগলে খরচ করতাম। শুধু চেয়েছিলাম, মেয়েটা বেঁচে থাকুক। পৃথিবী একদিকে আর আমার মেয়েটা ছিল আরেক দিকে। মেয়ের সব বায়নাও ছিল আমার কাছে। যত কষ্টই হোক মেয়ের সব আবদার পূরণ করার চেষ্টা করেছি। কিন্তু…।’

হাসপাতালের বিছানায় হামে আক্রান্ত শিশু আকিরা
হাসপাতালের বিছানায় হামে আক্রান্ত শিশু আকিরাছবি: পরিবারের কাছ থেকে

জন্মের পর আকিরার অন্য টিকাগুলো দেওয়া হলেও হামের টিকা (এমআর ভ্যাকসিন) বাদ পড়ে গিয়েছিল। আল আমিন বলেন, ‘এটা অবশ্যই আমাদের বড় ভুল ছিল, গাফিলতি ছিল। এখন মনে হচ্ছে, এই টিকা দেওয়া থাকলে হয়তো মেয়েটা বেঁচে যেত। অন্য মা–বাবাকে বলব, টিকার বিষয়ে কোনো গাফিলতি করবেন না।’

মেয়েকে স্কুলে ভর্তি করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন আল আমিন। হলুদ রঙের স্কুলব্যাগও কিনে দিয়েছিলেন। প্লাস্টিকের প্যাকেটবন্দী ঈদের জামা, খেলনা, মেয়ের বিভিন্ন বায়না—সবই এখন স্মৃতি।

জন্মদিনে ফুটফুটে আকিরা
জন্মদিনে ফুটফুটে আকিরাছবি: পরিবারের কাছ থেকে

আল আমিনের এখন একটাই চাওয়া। হামসহ যেকোনো অসুখে আর কোনো মা–বাবার বুক যেন খালি না হয়। এ জন্য হাসপাতালগুলোয় অক্সিজেন, পিআইসিইউসহ যা যা লাগে সবই যেন থাকে। তাঁর প্রত্যাশা, চিকিৎসকেরা আরেকটু মানবিক হবেন। আর সন্তানকে নিয়ে যেন বিভিন্ন হাসপাতালে দৌড়াতে না হয়, সে রকম ব্যবস্থা নিশ্চিত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102