যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক বলেছেন, খেলাধুলার মাধ্যমে সুস্থ জাতি গঠন করা সম্ভব।
‘খেলাধুলা বাড়ায় প্রাণ, হৃদয় থাকে শক্তিমান স্লোগান’ নিয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আজ মিরপুরস্থ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এক গণমুখী সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, আমাদের সরকার নির্বাচনের দুই- তিন বছর আগে থেকে দেশের স্বাস্থ্য সেবা নিয়ে বিভিন্ন পরিকল্পনা করছিল। সরকার প্রিভেনশনের দিকে বেশি গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, আপনারা নিশ্চয়ই অবগত আছেন আমাদের সরকার খুব অল্প সময়ের মধ্যে এক লক্ষ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা করছে।যার মধ্যে ৮০ শতাংশই নারী স্বাস্থ্য কর্মী নিয়োগ দেওয়া হবে। তারা বিভিন্ন ওয়ার্ডে, ইউনিয়নে সংশ্লিষ্ট স্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে মানুষের ঘরে ঘরে গিয়ে স্বাস্থ্য সেবা প্রদান করবে এবং বিভিন্ন জটিল রোগ সম্পর্কে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি করবেন।
প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলাকে উদ্বুদ্ধ করতে বর্তমান সরকার ক্রীড়াকে পেশা হিসেবে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে ১২৯ জন জাতীয় খেলোয়াড়দের ক্রীড়া ভাতা এবং ক্রীড়া কার্ডের আওতায় এনেছে। অল্প সময়ের মধ্যে অবশিষ্ট আরো ৫০০ জনকে এই ক্রীড়া ভাতার আওতায় আনা হবে। আগামী ৩০ এপ্রিল ১২ থেকে ১৪ বছরে শিশু -কিশোরদের নিয়ে শুরু হবে নতুন কুড়ি স্পোর্টস। চতুর্থ শ্রেণী থেকে আটটি ইভেন্টে খেলাধুলাকে শ্রেণিকক্ষে বাধতামূলক করা কার্যক্রম চলমান রয়েছে। এখানে অন্যান্য বিষয়ের মত খেলাধুলাতে পাশ-ফেল করার একটি বিষয় রয়েছে।
বক্তব্যের শেষে প্রতিমন্ত্রী জাতীয় হার্ট ফাউন্ডেশনের বিভাগীয় পর্যায় এরকম প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য আহ্বান জানান এবং সরকারের সকল প্রকারের সহযোগিতা প্রদান করার আশ্বাস দেন।