রাজধানীর উত্তরার একটি ভাড়া বাসা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক শিক্ষার্থী সাবিত মাহমুদ শাওনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩ এপ্রিল) সকালে তুরাগ থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে।
নিহত শাওন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৪৪তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলায়।
একই বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ কাজল মিয়া জানান, সাবিত কয়েকদিন ধরেই মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু অস্বাভাবিক পোস্টও করেছিলেন। রাত ৩টা থেকে ৪টার মধ্যে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। বন্ধুমহলের মাধ্যমে জানা গেছে, তার দাম্পত্য জীবনে বিচ্ছেদের ঘটনাও ঘটেছিল, যা তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলতে পারে।
তুরাগ থানার ডিউটি অফিসার এসআই ইখলাস মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক আলামতের ভিত্তিতে এটি আত্মহত্যার ঘটনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।