রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

রংপুরে জ্বালানির অবৈধ মজুদ, পেট্রল জব্দ

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: রবিবার, ২৯ মার্চ, ২০২৬
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে অবৈধভাবে মজুদ রাখা পেট্রল জব্দ করা হয়েছে এবং ওই ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) উপজেলার বেতগাড়ি, আলমবিদিতর ও বড়বিল ইউনিয়নের বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার।

রবিবার (২৯ মার্চ) সকালে উপজেলা প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে বড়বিল ইউনিয়নের ‘সবুজ স্টোর’-এর মালিক দীর্ঘদিন ধরে গোপনে পেট্রল মজুদ করে আসছিলেন। তিনি প্লাস্টিকের ড্রামে জ্বালানি তেল সংগ্রহ করে নিজ বাড়িতে সংরক্ষণ করতেন এবং পরে তা সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে মোটরসাইকেল চালকদের কাছে বিক্রি করতেন। এতে একদিকে সাধারণ মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল, অন্যদিকে বাজারে কৃত্রিম সংকটও তৈরি হচ্ছিল। গতকাল শনিবার বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার বাড়িতে অভিযান চালান ভ্র্যাম্যমাণ আদালত।

এ সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ মজুত পেট্রল উদ্ধার করা হয়। পরে পেট্রোলিয়াম আইন, ২০১৬ এর সংশ্লিষ্ট ধারায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।এদিকে, একই দিনে রংপুরের বিভিন্ন পেট্রল পাম্পে তেল সংকটের চিত্র দেখা গেছে। সকাল থেকেই পাম্পগুলোতে মোটরসাইকেল, প্রাইভেটকার ও অন্যান্য যানবাহনের দীর্ঘ সারি লক্ষ্য করা যায়।

অনেককে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও তেল না পেয়ে ফিরে যেতে হয়েছে।ক্রেতারা জানান, কয়েকদিন ধরে জ্বালানি সংকটের কারণে তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে কর্মজীবী মানুষ ও পরিবহন চালকদের দৈনন্দিন কাজে বিঘ্ন ঘটছে। কিছু অসাধু ব্যবসায়ী এ সংকটকে পুঁজি করে অতিরিক্ত দামে তেল বিক্রি করছেন, যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। দ্রুত জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক করতে হবে এবং অবৈধ মজুত ও কালোবাজারি বন্ধে কঠোর নজরদারি জোরদার করতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. জেসমিন আক্তার বলেন, ‘জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। যারা অবৈধভাবে তেল মজুদ করে অতিরিক্ত দামে বিক্রি করছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং প্রয়োজনে আরো জোরদার করা হবে।’

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102