রাজধানীর উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৪ মার্চ ২০২৬) বিকেলে সেক্টর পার্কে আয়োজিত এ দোয়া ও ইফতার মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সোসাইটির নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।
উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় এবং সোসাইটির সভাপতি শরীফ সান্টুর সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, সোসাইটি, মসজিদ, মাদরাসা, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ সামাজিক প্রতিষ্ঠানগুলোতে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না। এগুলো সামাজিক ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবেই পরিচালিত হবে। তিনি বলেন, “আপনাদের যেকোনো প্রয়োজন ও উন্নয়নমূলক কাজে জনপ্রতিনিধি হিসেবে আমাকে পাশে পাবেন, ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, সামাজিক প্রতিষ্ঠানগুলো হচ্ছে জনগণের আস্থার জায়গা। এখানে বিভাজন নয়, ঐক্যের চর্চা হবে। মসজিদে ইবাদত, শিক্ষাপ্রতিষ্ঠানে জ্ঞানচর্চা এবং সোসাইটিতে পারস্পরিক সহযোগিতা—এই মূল উদ্দেশ্য যেন অক্ষুণ্ন থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
সংসদ সদস্য আরো বলেন, সামাজিক সংগঠনগুলো যদি স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে পরিচালিত হয়, তাহলে এলাকায় শান্তি-শৃঙ্খলা ও উন্নয়ন ত্বরান্বিত হবে। তিনি উন্নয়ন কর্মকাণ্ডে দলমত নির্বিশেষে সবার অংশগ্রহণের আহ্বান জানান।
রমজানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, পবিত্র এ মাস আমাদের সংযম, সহনশীলতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। তাই রমজানের শিক্ষা ধারণ করে সামাজিক সম্প্রীতি রক্ষা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।
শেষে তিনি পুনর্ব্যক্ত করেন, “সামাজিক প্রতিষ্ঠান হবে সমাজের কল্যাণের কেন্দ্র। এখানে কোনো বিভাজন বা সংকীর্ণতা নয়, থাকবে মানবিকতা, ন্যায় ও উন্নয়নের অঙ্গীকার।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি-র যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আফাজ উদ্দিন, এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নাজিম সরকার।
এছাড়া উপস্থিত ছিলেন ওয়েলফেয়ার সোসাইটির সিনিয়র সহ-সভাপতি এ কে এম নাসির উল্যাহ, সহ-সভাপতি মোহাম্মদ আক্তারুজ্জামান ও মফিজ উদ্দীন সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, অর্থ সম্পাদক কাজী মো. আবুল হাসান, সাংগঠনিক ও প্রচার সম্পাদক মো. মাজেদুল হক, নিরাপত্তা বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শাহীন, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক জসিম উদ্দীন, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক মনজুর হোসেন খান, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক খালেদুর রহমান, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক মিসেস নাহিদা বেগম, দপ্তর সম্পাদক হোসাইন এম. কবীর, নির্বাহী সদস্য নাসির উদ্দীন, মো. শামসুল ইসলাম, মো. সুজন আলী, মো. রুহুল ইসলাম, মো. ওবায়েদুর রহমান, হাসান মাহমুদ সুজনসহ সোসাইটির অধিকাংশ সদস্য।
সভাপতির বক্তব্যে শরীফ সান্টু বলেন, “একরাশ আনন্দের বার্তা নিয়ে হাজির হয়েছে ইবাদত ও পুণ্যের ভরা মৌসুম মাহে রমজান। রমজানের আগমন-আনন্দে আমরা সবাই উদ্বেলিত ও উৎফুল্ল। এই মাসে সত্যনিষ্ঠ আবেগ ও মানবতাবোধ জেগে ওঠে মনের গভীরে। আত্মত্যাগ, সংযম সাধনা ও ধৈর্য ধারণের মাস এই পবিত্র রমজান। ক্ষমা ও সহিষ্ণুতার আলোয় উদ্ভাসিত হওয়ার সময়কাল। এই রমজানকে কেন্দ্র করে আমাদের পারস্পরিক বন্ধন আরো সুদৃঢ় হোক—সেই প্রত্যাশা করছি।
সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, “রমজান আমাদের আত্মশুদ্ধি ও সামাজিক সম্প্রীতির বার্তা দেয়। এ পবিত্র মাসকে ঘিরে আমরা ঐক্যবদ্ধ হয়ে সমাজের কল্যাণে কাজ করতে চাই। উত্তরা ১২ নং সেক্টরকে একটি শান্তিপূর্ণ, পরিচ্ছন্ন ও মানবিক আবাসিক এলাকায় পরিণত করাই আমাদের লক্ষ্য।
ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি, শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।