বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

নগরীর সৌন্দর্য বাড়াতে অবৈধ ব্যানার-ফেস্টুন অপসারণ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
নগরীর সৌন্দর্য বাড়াতে, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে এবং দুর্ঘটনার ঝুঁকি কমাতে রংপুর নগরীতে অবৈধ ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড অপসারণ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রংপুর সিটি করপোরেশন, জেলা প্রশাসন ও রংপুর মহানগর পুলিশ এ কার্যক্রম শুরু করে। পুলিশের সহযোগিতায় কাছারি বাজার থেকে চেকপোস্ট পর্যন্ত সড়কের উভয় পাশ ও সড়ক বিভাজকে ঝুলে থাকা বহু অবৈধ ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড মঙ্গলবারই অপসারণ করা হয়। অভিযান চলাকালে অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা নিজেরাই প্রচারণা সামগ্রী সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেন।পরে প্রতিশ্রুতি অনুযায়ী অনেকে স্বেচ্ছায় তাদের ব্যানার ও ফেস্টুন সরিয়ে ফেলে।আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল থেকে নগরজুড়ে মাইকিংয়ের মাধ্যমে জনসচেতনতা কার্যক্রম শুরু হয়েছে। এর মাধ্যমে জানানো হচ্ছে নগরীর সৌন্দর্য রক্ষায় অবৈধ ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড দ্রুত নিজ নিজ দায়িত্বে অপসারণ করতে হবে। অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হচ্ছে।সরেজমিনে দেখা যায়, নগরীর প্রধান সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এখনো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় ব্যবহার করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড ঝুলে রয়েছে। পাশাপাশি বিভিন্ন কোচিং সেন্টার, বহুজাতিক কম্পানি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন সামগ্রী নগরীর সৌন্দর্য নষ্ট করছে। এসব ব্যানার ও ফেস্টুন বাতাসে দুলে সড়কে চলাচলকারী যানবাহন ও পথচারীদের জন্য দুর্ঘটনার ঝুঁকি সৃষ্টি করছে বলে মনে করছে  নগরবাসী।এদিকে, অবৈধ ব্যানার-ফেস্টুন অপসারণ কার্যক্রম শুরু হওয়ায় নগরবাসীর মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে পোস্ট দিয়েছেন এবং নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনার আহ্বান জানিয়েছেন। তাদের মতে, নিয়মিত নজরদারি না থাকলে আবারও নগরী ব্যানার-ফেস্টুনে ভরে যাবে।রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান বলেন, মহানগর পুলিশ ও সিটি করপোরেশনের সমন্বয়ে নগরীকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখতে এই কার্যক্রম শুরু করা হয়েছে। তিনি বলেন, ‘আমরা রংপুর নগরীকে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে দেখতে চাই। অযথা ব্যানার ও ফেস্টুন নগরীর সৌন্দর্য একেবারে নষ্ট করে ফেলেছে।নগরীর সৌন্দর্য ফিরিয়ে আনতে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন।’মহানগর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী বলেন, ‘আইন মেনে ব্যানার ও ফেস্টুন অপসারণ করা হচ্ছে। যারা আইন অমান্য করবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি  বলেন, সিটি করপোরেশন থেকে অনুমতি নিয়ে ব্যানার বা ফেস্টুন লাগালেও তা অবশ্যই মার্জিত হতে হবে এবং নগরীর সৌন্দর্য যেন ক্ষুণ্ন না হয়, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। আমরা সবাই মিলে একটি পরিষ্কার-পরিচ্ছন্ন রংপুর নগরী গড়ে তুলতে চাই। অবৈধ ব্যানার-ফেস্টুন অপসারণ কার্যক্রম চলাকালে রংপুর সিটি করপোরেশনের সচিব রাকিব হাসানসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102