সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

বিদ্রোহীর ভোট ভাগাভাগির প্রভাব বিএনপির দুই হেভিওয়েটে

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনার পাঁচটি আসনে অংশ নেন মোট ২৮ জন প্রার্থী। এর মধ্যে হেভিওয়েট ছিলেন কয়েকজন। অভ্যন্তরীণ কোন্দলে দুই বিদ্রোহী প্রার্থীর ভোট ভাগাভাগিতে পাবনা-৩ ও ৪ আসনে কপাল পুড়েছে বিএনপির দুই হেভিওয়েট প্রার্থীর। হাড্ডাহাড্ডি লড়াই হলেও শেষ পর্যন্ত শোচনীয় পরাজয় হয়েছে তাদের।আসন দুটিতে জয় পেয়েছে জামায়াতের প্রার্থী। তবে গণনায় কারসাজির অভিযোগ এনে পুনরায় ভোট গণনার দাবি জানিয়েছেন বিএনপির পরাজিত দুই প্রার্থী। তারা হলেন পাবনা-৪ আসনে বিএনপির প্রার্থী দলের প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এবং পাবনা-৩ আসনে বিএনপি প্রার্থী কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি হাসান জাফির তুহিন।রিটার্নিং অফিসারের কার্যালয় ও সংশ্লিষ্ট সূত্রের তথ্যমতে, নির্বাচনী ডামাডোলের শুরু থেকেই পাবনা ১, ৩ ও ৪ আসন নিয়ে ব্যাপক আলোচনা ও উত্তেজনা লক্ষ্য করা যায়, যা বিদ্যমান ছিল নির্বাচনের শেষ অবধি।পাবনা-১ আসনে সীমানা সংক্রান্ত আইনি জটিলতা কাটলেও বিদ্রোহী প্রার্থীদের নিয়ে উত্তেজনা ও নাটকীয়তা বাড়তে থাকে অন্য দুটি আসনে। চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলা নিয়ে গঠিত পাবনা-৩ আসনে বিএনপির মনোনয়ন পান কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি হাসান জাফির তুহিন। তাঁর পৈতৃক নিবাস সুজানগর হওয়ায় শুরু থেকেই তাকে বহিরাগত আখ্যা দিয়ে প্রত্যাখান করে স্থানীয় বিএনপি নেতাদের একাংশ। মনোনয়ন পরিবর্তনের দাবিতে কর্মসূচি পালন করা হলেও তুহিনেই আস্থা রাখে বিএনপি।এতে ক্ষুব্ধ হয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীকে নির্বাচনে অংশ নেন দলটির সাবেক সংসদ সদস্য কে এম আনোয়ারুল ইসলাম। এতেই কপাল পুড়তে শুরু করে তুহিনের, সুযোগ নিতে থাকে জামায়াতের প্রার্থী আলী আছগার। আসনটিতে বিপুল ভোটে বিএনপির বিজয়ী হবার কথা থাকলেও ভোটে স্বতন্ত্র প্রার্থী  ভাগ বাসনোয় পিছিয়ে পড়েন দলীয় প্রার্থী তুহিন। সবশেষ তিন হাজার ২৬৯ ভোটে পরাজিত হন তিনি। এ আসনে জামায়াতের প্রার্থী আলী আছগার এক লাখ ৪৭ হাজার ৪৭৫ ভোট পেয়ে বিজয়ী হন।তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হাসান জাফির তুহিন পান এক লাখ ৪৪ হাজার ২০৬ ভোট। আর স্বতন্ত্র প্রার্থী আনোয়ার পান ৩৮ হাজার ২৭ ভোট। তবে আসনটির বেশকিছু কেন্দ্রে রেজাল্ট শীটে পোলিং এজেন্টের স্বাক্ষর না নেওয়াসহ গণনায় কারিসাজির অভিযোগ এনে পুনরায় ভোট গণনার আবেদন করেছেন  তুহিন।একই হাল ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলা নিয়ে গঠিত পাবনা-৪ আসনেও। আসনটিতে বিএনপির মনোনয়ন দেওয়া হয় হাবিবুর রহমান হাবিবকে। তাতে ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুসহ দলের  একাংশ বিদ্রোহ করে প্রার্থী পরিবর্তনের দাবিতে নানা কর্মসূচি পালন করেন। কিন্তু এখানেও হাবিবে আস্থা রাখে বিএনপি। সবশেষ মোটরসাইকেল প্রতীকের বিদ্রোহী প্রার্থী হন জাকারিয়া পিন্টু। এখানেও দলীয় ভোট ভাগাভাগি হওয়ায় টান পড়ে বিএনপি প্রার্থীর ভোটে। এই সুযোগে তিন হাজার ৮০১ ভোটে বিজয়ী হন দাঁড়িপাল্লার প্রার্থী জেলা জামায়াতে আমীর আবু তালেব মণ্ডল। তিনি পান এক লাখ ৩৭ হাজার ৬৭৫। আর হাবিবুর রহমান হাবিব পান এক লাখ ৩৩ হাজার ৮৭৪ ভোট। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টু পান ২৭ হাজার ৯৭০ ভোট। বিদ্রোহী ও দলীয় প্রার্থীর কোন্দলে প্রথমবারের মতো আসন দুটিতে জয় পায় জামায়াতে ইসলামী। পাবনা-৩ এর প্রার্থী তুহিনের মতো একই ধরনের অভিযোগ এনে হাবিবও পুনরায় ভোট গণনার আবেদন করেছেন। তবে হেভিওয়েট প্রার্থী হিসেবে এক লাখ ৮২ হাজার ৯২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন পাবনা-৫ আসনে  বিএনপির প্রার্থী শামসুর রহমান শিমুল বিশ্বাস। মন্ত্রীত্বের আকাঙ্খায় তাঁকে ঘিরে আশাবাদি আসনটির বাসিন্দারা। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর ইকবাল হুসাইন পেয়েছেন এক লাখ ৬৪ হাজার ৯৯৪ ভোট।এ ব্যাপারে জেলা বিএনপির সদস্যসচিব অ্যাড. মাসুদ খন্দকার বলেন, এই দুটি আসনে আমাদের দলীয় প্রার্থীরা খুবই অল্প ভোটে পরাজিত হয়েছেন। দল করেও যারা বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন, তাঁদের কারণেই দলীয় প্রার্থীর পরাজয় ঘটেছে বলে আপাতত মনে করা হচ্ছে। এর বাইরে প্রতিদ্বন্দ্বীদের কোনো কারসাজি রয়েছে কিনা, সেটিও আমরা অনুসন্ধান করছি। বিদ্রোহীদের ক্ষেত্রে দল শক্ত অবস্থানে রয়েছে।অন্যদের মধ্যে পাবনা-১ আসনে জামায়াতের প্রয়াত আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এক লাখ ২৮ হাজার ৪৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী শামসুর রহমান পেয়েছেন এক লাখ তিন হাজার ৬৬৩ ভোট। সুজানগর ও বেড়া উপজেলা নিয়ে গঠিত পাবনা-২ আসনে দুই লাখ ১৫ হাজার ৪০৬ ভোট পেয়ে বিজয়ী হন বিএনপির সাবেক এমপি কে এম সেলিম রেজা হাবিব। জামায়াতের প্রার্থী হেসাব উদ্দিন পেয়েছেন ৭৭ হাজার ২৪২ ভোট।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102