ইউক্রেনের ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত রাশিয়ার তামান বন্দর
অনলাইন ডেস্ক
-
আপডেট টাইম:
রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার কৃষ্ণসাগরীয় তামান বন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ক্রাসনোদার অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কন্দ্রাতিয়েভ। এ ঘটনায় অন্তত দুইজন আহত হয়েছেন।টেলিগ্রামে এক পোস্টে ভেনিয়ামিন কোন্ড্রাটয়েভ জানিয়েছেন, তেলজাত পণ্য, শস্য, কয়লা ও অন্যান্য পণ্য পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ এই বন্দরের ভলনা গ্রামসংলগ্ন অংশে একটি তেল সংরক্ষণ ট্যাংক, গুদামঘর ও কয়েকটি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়েছে। গভর্নরের তথ্য অনুযায়ী, বন্দরে সৃষ্ট একাধিক আগুন নিয়ন্ত্রণে আনতে ১০০ জনেরও বেশি কর্মী কাজ করছেন।এছাড়া পৃথক হামলার ঘটনা ঘটেছে রিসোর্ট শহর সোচিতে এবং সমুদ্রতীরবর্তী আনাপা শহরের কাছে ইউরোভকা গ্রামেও আঘাত হানা হয়েছে। তবে সেখানে ক্ষয়ক্ষতি তুলনামূলকভাবে কম হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।সম্প্রতি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় জ্বালানি অবকাঠামোতে হামলা স্থগিতের সমঝোতা ছিল। তবে তার মেয়াদ শেষ হওয়ার পর ইউক্রেন আবারও রাশিয়ার জ্বালানি স্থাপনাগুলোতে হামলা জোরদার করেছে।অন্যদিকে, রাশিয়াও ইউক্রেনের জ্বালানি ও ইউটিলিটি অবকাঠামো লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালিয়ে আসছে, যার ফলে তীব্র শীতের মধ্যে বহু মানুষ বিদ্যুৎ ও তাপ সরবরাহ থেকে বঞ্চিত হয়েছে।রাশিয়ার শিল্প সংশ্লিষ্ট সূত্রে রয়টার্স জানিয়েছে, গত বছর তামান বন্দর দিয়ে প্রায় ৪.১৬ মিলিয়ন মেট্রিক টন তেলজাত পণ্য রপ্তানি করা হয়েছিল।
নিউজটি শেয়ার করুন..
-
-
-
- Print
- উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..