ইউক্রেন যুদ্ধ অবসানের লক্ষ্যে পরবর্তী শান্তি আলোচনা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরো বিস্তারিত তথ্যের অপেক্ষা করছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। শনিবার (৩১ জানুয়ারি) রাতে এক ভিডিও বার্তায় তিনি জানান, আগামী সপ্তাহে নতুন করে বৈঠক অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদী।
জেলেনস্কির বক্তব্য থেকে ধারণা করা হচ্ছে, সংযুক্ত আরব আমিরাতে রবিবার ইউক্রেন, রাশিয়া ও মার্কিন প্রতিনিধিদের যে বৈঠকটি হওয়ার কথা ছিল, তা সম্ভবত নির্ধারিত সময়ে হচ্ছে না। জেলেনস্কি বলেন, ‘আমরা মার্কিন পক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি এবং বৈঠকের বিষয়ে সুনির্দিষ্ট দিনক্ষণ ও বিবরণের অপেক্ষায় আছি।
আলোচনার প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে ভূখণ্ড বা এলাকা দখলের বিষয়টি। মস্কোর দাবি, রাশিয়া দনবাস অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ দাবি করছে (এমনকি যেসব এলাকা তাদের দখলে নেই সেগুলোও)। ইউক্রেন রাশিয়ার এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে।
রুশ নীতিনির্ধারক ইউরি উশাকভ জানিয়েছেন, আলোচনার ক্ষেত্রে ভূমিই একমাত্র ইস্যু নয়, আরো অনেক অমীমাংসিত বিষয় রয়েছে।