আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ব্যস্ত সময় পার করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুলশানে বিএনপির কার্যালয়ে নিয়মিত নিজ নির্বাচনি এলাকার নেতা-কর্মী, দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মী, এমনকি শরিক দলগুলোর শীর্ষনেতাদের সঙ্গে বৈঠক করছেন। বিদেশি কূটনীতিকদের সঙ্গেও নিয়মিত বৈঠকে অংশ নিচ্ছেন। বৈঠক থেকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে তাদের সহযোগিতা কামনা করছেন।
দলীয় সূত্রে জানা গেছে, ২২ জানুয়ারি থেকে নির্বাচনি প্রচারেও নামবেন তারেক রহমান। এ-সংক্রান্ত কর্মসূচি চূড়ান্ত করা হচ্ছে। বিভাগীয় পর্যায়ে জনসভার পাশাপাশি ঢাকার কয়েকটি আসনেও ধানের শীষের প্রার্থীদের পক্ষে প্রচারে নামবেন। এর বাইরে ঢাকা-১২ আসনসহ জোট শরিকদের জন্য ছেড়ে দেওয়া আসনগুলোতেও নির্বাচনি প্রচারণায় যেতে পারেন তারেক রহমান। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর থেকে আনুষ্ঠানিক নির্বাচনি প্রচার শুরু হবে। প্রয়াত মায়ের পদাঙ্ক অনুসরণ করে সিলেটে দুই সুফি সাধকের মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিক নির্বাচনি কার্যক্রম শুরু করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এদিকে গত কয়েক দিনের সাক্ষাতের ধারাবাহিকতায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাম দলগুলোর জোট ‘গণতান্ত্রিক যুক্তফ্রন্ট’ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ নেতৃত্ব দেন। এ ছাড়াও আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াতে ইসলামী, মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বে নাগরিক ঐক্য, জোনায়েদ সাকির নেতৃত্বে গণসংহতি আন্দোলন, মাওলানা জুনায়েদ আল হাবীবের নেতৃত্বে জমিয়ত, মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে এবি পার্টি এবং মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে বাংলাদেশ লেবার পার্টির নেতারাও পৃথকভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। গত রবিবার দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তারা তারেক রহমানের সঙ্গে দেখা করে ব্যবসা-বাণিজ্যে বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জের কথা জানান। গতকাল বুধবার তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে ?নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। গত মঙ্গলবার সৌজন্য সাক্ষাৎ করে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। এ সময় বিএনপি প্রধান নির্বাচনের পর বাংলাদেশের উন্নয়নে ইইউর সহযোগিতা চেয়েছেন।
প্রতীক বরাদ্দের আগেই বিএনপির চেয়ারম্যান হচ্ছেন : জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের আগেই তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যান হিসেবে ঘোষণা দেওয়া হবে। ৩০ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে দলীয় প্রধানের পদটি শূন্য হয়। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, প্রতীক বরাদ্দ হবে আগামী ২১ জানুয়ারি। তার আগে দলীয় প্রধানের নাম নির্বাচন কমিশনকে জানাতে হবে বিএনপিকে। দলীয় গণতন্ত্র অনুযায়ী, খুব শিগগির দলীয় প্রধান হিসেবে তারেক রহমানের নাম ঘোষণা করা হবে। সম্প্রতি অনুষ্ঠিত দলের জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।