রাজধানীর কদমতলী থেকে নিখোঁজ হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য মো. ওয়াসিম। পরিবারের দাবি আজ (রবিবার) ভোর আনুমানিক সকাল ৬টার দিকে নিজ বাসা থেকে ডিবি পুলিশ পরিচয়ে কয়েকজন ব্যক্তি ওয়াসিমকে ধরে নিয়ে যায়।
নিখোঁজ ওয়াসিমের স্ত্রী শারমিন আকতার টুম্পা’র দাবি, ওই ব্যক্তিরা নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দিলেও তারা কোনো গ্রেপ্তারি পরোয়ানা দেখাননি। একই সঙ্গে ওয়াসিমকে কেন ধরে নেওয়া হচ্ছে—সে সম্পর্কেও কোনো কারণ জানানো হয়নি। যাওয়ার সময় পরিবারের সদস্যদের শ্যামপুর থানায় যোগাযোগ করতে বলা হয়।
ওয়াসিমের স্ত্রী শারমিন জানায়, পরবর্তীতে আমরা কদমতলী থানা ও শ্যামপুর থানায় যোগাযোগ করলেও ওয়াসিমকে আটক বা হেফাজতে রাখার তথ্য দিতে পারেনি পুলিশ। পরে পরিবারের পক্ষ থেকে ডিবি কার্যালয়ে যোগাযোগ করা হলেও আটকের কোন তথ্য পায়নি পরিবার। এতে নিখোঁজ ওয়াসিমের পরিবারের সদস্যরা চরম দুশ্চিন্তায় সময় পার করছেন বলে জানা গেছে।