হাদিকে গুলি : প্রধান সন্দেহভাজন মাসুদের স্ত্রী–শ্যালকসহ আটক ৩
অনলাইন ডেস্ক রিপোর্ট
-
আপডেট টাইম:
সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনার প্রধান সন্দেহভাজন ফয়সল করিম মাসুদ ওরফে দাউদ খানের স্ত্রী, শ্যালকসহ তিনজনকে আটক করেছে র্যাব। গত ২৪ ঘণ্টায় ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। আটকরা হলেন— মাসুদের স্ত্রী সামিয়া, শ্যালক শিপু ও বান্ধবী মারিয়া। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী গণমাধ্যমকে বলেন, রবিবার সন্ধ্যার পর র্যাব নারায়ণগঞ্জ ও ঢাকায় পৃথক অভিযান চালিয়ে ফয়সল করিমের স্ত্রী, শ্যালক ও বান্ধবীকে আটক করে।পরে তাদের পল্টন থানায় সোপর্দ করা হয়।তিনি আরো জানান, সামিয়া ও শিপুকে নারায়ণগঞ্জ থেকে এবং মারিয়াকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার হাদিকে গুলির আগে ও পরে তাদের সঙ্গে ফয়সালের ঘন ঘন ফোনে কথা বলার তথ্য পেয়েছেন তারা। হামলায় তাদের সম্পৃক্ততা থাকতে পারে।এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে বিস্তারিত বেরিয়ে আসবে।এদিকে, জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনার ২ দিন পর পল্টন থানায় মামলা হয়েছে। মামলার এজাহারে আসামি হিসেবে একজনের নাম দেওয়া হয়েছে।
ওসমান হাদিকে গুলির ঘটনায় এ পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।এর মধ্যে হাদিকে গুলির সময় ব্যবহার করা মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে রবিবার ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এ ছাড়া আততায়ীর পালানো ঠেকাতে সীমান্তে কঠোর নজরদারির মধ্যে শেরপুরের নালিতাবাড়ী এলাকা থেকেও ২ জনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে গোয়েন্দা পুলিশ। আর রবিবার রাতে আরো ৩ জনকে আটকের তথ্য দিয়েছে র্যাব।রবিবার রাতে পাঠানো এক বার্তায় র্যাব বলেছে, এই ঘটনার মূল অভিযুক্ত ফয়সলের স্বাক্ষর করা বিপুল পরিমাণ চেকবই এবং ইলেকট্রনিক ডিভাইসসহ ওই ৩ জনকে পুলিশের কাছে হস্তান্তর করেছে র্যাব।
নিউজটি শেয়ার করুন..
-
-
-
- Print
- উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..