আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য দেওয়ার অভিযোগে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে শুনানি অনুষ্ঠিত হবে আজ।
প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি নিয়ে গত ৩০ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তলব করে শুনানি ও আদেশের এই দিন ঠিক করেন। সোমবার তাকে সশরীরে উপস্থিত হয়ে এ সংক্রান্ত বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য বলেন আদালত।
এছাড়া ওইদিন আদালত অবমাননার অভিযোগে ফজলুর রহমানের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করা হয়। আদালত অবমাননার অভিযোগে তার বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, নোটিশে তা জানতে চাওয়া হয়। সেদিন তাকে তলবও করা হয়। এর পরিপ্রেক্ষিতে ফজলুর রহমানকে আজ আদালতে হাজির হতে হবে।
গত ৩০ নভেম্বরের আদেশে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ফজলুর রহমানকে আদালতে স্বশরীরে হাজির হয়ে উত্থাপিত অভিযোগের ব্যাখ্যা দিতে বলা হয়। এ সময় তাকে নিজের সব অ্যাকাডেমিক সনদ ও আইনজীবী হিসেবে বাংলাদেশ বার কাউন্সিল প্রদত্ত সনদও নিয়ে আসতে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। সেদিন শুনানিতে রাষ্ট্রপক্ষের প্রসিকিউশনে শুনানিতে ছিলেন প্রসিকিউর মিজানুল ইসলাম ও প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।
এরপর তিনি অবমাননার অভিযোগে আদালতে নিঃশর্ত ক্ষমা চেয়ে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে লিখিত আবেদন করেছেন। গত ৩ ডিসেম্বর চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।
এর আগে ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ)। গত ২৬ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই অভিযোগ করেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম।