নিখোঁজের ৩ দিনেও জুলাই আন্দোলনের সক্রিয় কর্মী কে এম মামুনের সন্ধান না পাওয়ায় রাজধানীর উত্তরায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে পরিবার ও স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতাকর্মীরা।
আজ (বুধবার) বিকেলে উত্তরার বিএনএস সেন্টারের সামনে এ মানববন্ধন আয়োজিত হয়। এ সময় আগামী ২৪ ঘন্টার মধ্যে নিখোঁজ কে এম মামুনের সন্ধানের দাবি জানান স্বজনরা।

মানববন্ধনে নিখোঁজ মামুনের স্ত্রী খাদিজা আক্তার কেঁদে কেঁদে বলেন, আমার স্বামীকে ছাড়া আমরা অসহায় হয়ে পড়েছি। আমার সন্তান সারাক্ষণ তার আব্বুর কথা বলে। আমার স্বামীকে কেন গুম করা হলো? আমি আমার স্বামীকে ফেরত চাই। এ সময় স্বামীকে ফিরে পেতে প্রশাসন ও প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন মামুনের স্ত্রী খাদিজা। মানববন্ধনে নিখোঁজ মামুনের বাবা কান্না বিজরিত কণ্ঠে সন্তানকে ফিরে পেতে আকুল আবেদন জানান।
মানববন্ধনে কে এম মামুনকে দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দাবি জানিয়ে মানববন্ধনে বক্তব্য রাখেন ঢাকা-১৮ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেন। বক্তব্যে তিনি বলেন, চব্বিশ পরবর্তী বাংলাদেশকে আমরা গুম-খুনের বাংলাদেশ দেখতে চাইনা। প্রশাসনকে আমরা স্পষ্ট করে বলতে চাই- আপনারা আগামী ২৪ ঘন্টার মধ্যে কে এম মামুনকে খুঁজে বের করুন।

বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির সাবেক মূখ্য সমন্বয়ক রাফিদ এম ভূঁইয়া বলেন, মামুন ভাই গুম হয়েছে মানে সরাসরি সকল জুলাই যোদ্ধাদের ওপর আঘাতের শামিল। আমরা প্রশাসনকে ২৪ ঘন্টার আল্টিমেটার দিতে চাই। এই সময়ের মধ্যে মামুন ভাইকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দিতে হবে। অন্যথায় বিএনএস সেন্টার ব্লক করে দেয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।
উল্লেখ্য, গত রবিবার (২১ সেপ্টেম্বর) ভোরে রাজধানী তুরাগের হানিফ আলী মোড় এলাকার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন কে এম মামুন। তিনি তুরাগ থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। জুলাই আন্দোলনে উত্তরার রাজপথে কে এম মামুন সক্রিয় ভূমিকা পালন করেন।