বিজ্ঞান যতই এগিয়ে যাচ্ছে, ততই প্রমাণিত হচ্ছে—নবী করিম হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাচরণের ভেতরে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অসংখ্য গবেষণালব্ধ সত্য নিহিত রয়েছে। তাঁর খাদ্যাভ্যাস, রোজা, ঘুম, পরিচ্ছন্নতা ও সামাজিক কল্যাণমূলক শিক্ষাগুলো আজকের যুগেও স্বাস্থ্য রক্ষায় কার্যকর প্রমাণিত হয়েছে। তিনি পরামর্শ দিয়েছেন পাকস্থলীকে তিন ভাগে ভাগ করতে—খাবার, পানি ও বাতাসের জন্য। গবেষণায় দেখা গেছে, সীমিত খাদ্য গ্রহণ স্থূলতা ও নানা জটিল রোগ প্রতিরোধ করে, আর দিনে দু’বার আহার করা তিন বেলার চেয়ে স্বাস্থ্যসম্মত। তিনি বলেছেন, “রোজা রাখো, সুস্থ থাকো।” আধুনিক গবেষণায় প্রমাণিত, রোজা উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল কমায়, রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে এবং অটোফ্যাজির মাধ্যমে কোষকে সুস্থ রাখে—যার জন্য ২০১৬ সালে নোবেল পুরস্কার দেওয়া হয়। নবীজি (সা.) রাতের খাবার এশার আগে বা পরে খেয়ে শুয়ে পড়তেন, মধ্যরাতে তাহাজ্জুদ আদায় করতেন এবং দুপুরে হালকা বিশ্রাম নিতেন। বৈজ্ঞানিকভাবে এটি হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমায় এবং মানসম্মত ঘুম নিশ্চিত করে।
পরিচ্ছন্নতা বিষয়ে তিনি বলেছেন, অজু ও গোসলকে অভ্যাসে পরিণত করো। এতে সংক্রামক রোগ প্রতিরোধ সম্ভব। ইউরোপে যেখানে অপরিচ্ছন্নতার কারণে প্লেগে লক্ষ লক্ষ মানুষ মারা যায়, মুসলিম সমাজ পরিচ্ছন্নতার অভ্যাসে সুরক্ষিত ছিল। চিকিৎসা গ্রহণের ব্যাপারেও তিনি উৎসাহ দিয়েছেন এবং বলেছেন, আল্লাহ প্রতিটি রোগের চিকিৎসা রেখেছেন। এ দিকনির্দেশনাই পরবর্তী যুগে মুসলিম চিকিৎসা বিজ্ঞানের বিকাশে বড় ভূমিকা রাখে। মানসিক সুস্থতার জন্য তিনি ধৈর্য, কৃতজ্ঞতা, ভাগ্যের ওপর ভরসা ও আখিরাতের প্রতি বিশ্বাসকে গুরুত্ব দিয়েছেন, যা মুমিনের মনে প্রশান্তি এনে দেয়—যেখানে আধুনিক চিকিৎসা এখনো পূর্ণ সমাধান দিতে পারেনি।
রাসুল (সা.) রাগ সংবরণকে প্রকৃত বীরত্ব বলেছেন। আধুনিক গবেষণা দেখায়, রাগের পরবর্তী দুই ঘণ্টায় হার্ট অ্যাটাকের ঝুঁকি পাঁচগুণ ও স্ট্রোকের ঝুঁকি তিনগুণ বেড়ে যায়। আবার তিনি হাসিকে সদকা বলেছেন, যা মানসিক চাপ কমায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং দীর্ঘায়ুতে সহায়ক প্রমাণিত হয়েছে। সামাজিক কল্যাণেও তাঁর শিক্ষা অনন্য। তিনি দারিদ্র্য বিমোচন ও গরিব-অসহায়দের সহায়তাকে গুরুত্ব দিয়েছেন। আজকের উন্নত মুসলিম রাষ্ট্রগুলো নাগরিকদের চিকিৎসা ব্যয়ভার বহন করছে তাঁর শিক্ষা অনুসরণ করে। খাদ্যে ভেজাল ও প্রতারণার বিরুদ্ধে তিনি কড়া হুঁশিয়ারি দিয়েছেন। অথচ আজকের সমাজে ভেজাল খাবার ক্যানসার, কিডনি, লিভার ও স্নায়ুরোগ বাড়াচ্ছে। উন্নত বিশ্ব কিন্তু জনস্বাস্থ্যের জন্য রাসুল (সা.)-এর এ নীতি কঠোরভাবে বাস্তবায়ন করছে।
সব মিলিয়ে বলা যায়, নবীজির (সা.) জীবনাচরণ শুধু আধ্যাত্মিক নয়, বৈজ্ঞানিকভাবেও মানবকল্যাণের জন্য অপরিহার্য। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের গবেষণা যত এগোচ্ছে, ততই তাঁর শিক্ষার প্রাসঙ্গিকতা আরও উজ্জ্বল হয়ে উঠছে।